‘প্রাঙ্ক কলে’ বোকা বনলেন ট্রাম্প
জনপ্রিয় কৌতুক অভিনেতা জন মেলেন্দেজ নিউ জার্সির সিনেটর বব মেনেন্দেজ সেজে ‘প্রাঙ্ক কল’ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানিয়েছেন।।
গত ২৮ জুন এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটন ফিরছিলেন ট্রাম্প। সিনেটর মেনেন্দেজ ফোন করেছেন জেনে তিনি ওই নম্বরে কলব্যাক করেন। ফোনের অপর প্রান্তে জন মেলেন্দেজ পুরো কথোপকথন রেকর্ড করেন এবং পরে পুরো অডিও তিনি ‘স্টাটারিং জন’ নামে তার পোডকাস্টে আপলোড করেন।
তিন মিনিটের ওই কথোপকথনে ট্রাম্প হিসেবে যাকে পরিচয় দেওয়া হয়েছে তাকে বলতে শোনা যায়, “হাই, বব। আপনি কেমন আছেন? সব কিছুর জন্য শুভেচ্ছা, আমরা আপনার জন্য গর্বিত।”
গত পাঁচ বছর ধরে বব মেনেন্দেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছে। যদিও শেষ পর্যন্ত ২০১৭ সালে ঘুষ গ্রহণের অভিযোগ থেকে মুক্তি পান।
এটা নিয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আপনাকে খুব খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং ওটা খুব ন্যায্য পরিস্থিতি ছিল বলেও আমার মনে হয় না।”
দীর্ঘদিন ধরেই বব মেনেন্দেজ আভিবাসন নীতির সংস্কারের পক্ষে কাজ করে আসছেন।
গত মে মাসের শুরু থেকে ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের আটক করে বিচারের জন্য ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। যে কারণে ওইসব ব্যক্তিদের শিশু সন্তানরা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
গত দুই মাসে দুই হাজারের বেশি শিশু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে ও আন্তর্জাতিক মহলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকারকে ৩০ দিনের মধ্যে ওইসব শিশুদের তাদের পিতা-মাতার কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
পোডকাস্টে আপলোড করা ওই অডিওতে দুইজনকে সুপ্রিম কোর্টের শূন্য হতে যাওয়া বিচারপতি পদে নিয়োগ নিয়েও কথা বলতে শোনা যায়।
সুপ্রিম কোর্টের বিচারপতি কেনেডি আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্পকে বলতে শোনা যায়, “১০ থেকে ১৪ দিনের মধ্যে আমি একজনকে মনোনয়ন দিব।”
সিএনএনকে মেলেন্দেজ বলেন, “যদি তারা আমাকে জিজ্ঞাসা করতো সিনেটর মেনেন্দেজ কোন দলের নেতা বা তিনি কোন অঙ্গরাজ্যের সিনেটর তাহলেই আমি আটকে যেতাম। কারণ আমি সেসব জানি না। কিন্তু তারা আমাকে কিছুই জিজ্ঞাসা করেনি।”
এ বিষয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, “মাঝে মাঝে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চ্যানেলগুলো অনেক বেশি খোলা থাকে এবং তখন এ ধরনের ঘটনা ঘটে।”
