মালিতে আফ্রিকান সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৬
মালিতে মোতায়েন আফ্রিকান আঞ্চলিক সামরিক বাহিনীর সদরদপ্তরে জঙ্গি হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।
শুক্রবার জঙ্গিরা রকেট ও বিস্ফোরক নিয়ে হামলাটি চালায় বলে জানিয়েছেন আফ্রিকান বাহিনীটির মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা বোমা ভর্তি গাড়ি চালিয়ে নিয়ে সিভা শহরের ওই কম্পাউন্ডটিতে হামলা শুরু করে, পাশাপাশি কিছু জঙ্গি মালির সেনাদের সঙ্গে গুলি বিনিময় করে ভিতরে প্রবেশ করতে লড়াই শুরু করে।
গণমাধ্যমে আসা ঘটনাস্থলের ছবিতে পুড়ে যাওয়া গাড়ির অবশেষ, একটি গর্ত ও ভবনের বেশ কিছু ভেঙে পড়া দেয়াল দেখা গেছে।
জি-ফাইভ সাহেল নামের একটি আঞ্চলিক বাহিনী ভবনটি ব্যবহার করতো। পশ্চিম আফ্রিকার প্রায় উষর সাহেল অঞ্চলের ইসলামপন্থি জঙ্গিদের নির্মূলের উদ্দেশ্যে গত বছর মালি, নাইজার, বুরকিনা ফাসো, চাদ ও মৌরিতানিয়ার সৈন্যদের নিয়ে বাহিনীটি গঠন করা হয়।
জি-ফাইভ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় দুই সৈন্য ও চার হামলাকারী নিহত হয়েছেন।
মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বৌবাকার দিয়ালো রয়টার্সকে বলেছেন, “হামলাকারীরা সদরদপ্তরটিতে রকেট নিক্ষেপ করে এবং কিছু হামলাকারী কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।”
সিভা থেকে পরিচয় প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, কম্পাউন্ডটিতে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়, বিকেলের দিকে গোলাগুলির অবসান ঘটে।
বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট (এসআইটিই) জানিয়েছে, আল কায়েদার মালি শাখা হামলার দায়িত্ব স্বীকার করে একে আত্মঘাতী বোমা হামলা দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।
মালির প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এ হামলাটি চালানো হল।
সাম্প্রতিক বছরগুলোতে জনবিরল সাহেল অঞ্চলে জঙ্গি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ওই অঞ্চলজুড়ে হামলা চালাতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলো মালির মধ্য ও উত্তরাঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
জঙ্গি নির্মূলে জি-ফাইভ বাহিনীকে পর্যাপ্ত তহবিল যোগান দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো। কিন্তু প্রাপ্ত অর্থ ব্যয়ে কালক্ষেপণ ও পাঁচটি দেশের বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের দুর্বলতায় মন্থর গতিতে এগোচ্ছে জি-ফাইভ।
