২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বর্ণবিদ্বেষী আচরণে বরখাস্ত ২ টিভি উপস্থাপক

বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালে বর্ণবিদ্বেষী আচরণের দায়ে একটি টেলিভিশন চ্যানেলের দুই উপস্থাপকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 02:24 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

যুক্তরাষ্ট্র ভিত্তিক এনবিসি নেটওয়ার্কের স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল ‘তেলেমুনদোর’ দুই উপস্থাপক গত বুধবার জার্মানির বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ০-২ গোলে জয়ের পর সেটেই নেচে উঠে আঙ্গুল দিয়ে দুই চোখের কোনা চেপে টেনে ধরেন বলে জানায় বিবিসি।

দক্ষিণ কোরিয়ার জয়ের ফলে একই সময় গ্রুপ পর্বের অন্য ম্যাচে সুইডেনের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পরও মেক্সিকো শেষ ১৬তে  উঠে যায়।

দল দ্বিতীয় রাউন্ডে উঠার আনন্দে মেক্সিকোর অনেক ভক্ত দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানাতে গিয়ে চোখের কোনা চেপে টেনে ধরে ধন্যবাদ জানানো ভিডিও এবং ছবি টুইটারে পোস্ট করেন।  

সামাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি। 

তাদের মতে, ধন্যবাদের নামে এভাবে বর্ণবাদী আচরণ করে অন্যকে অপমান করা উচিত না। অনেক মেক্সিকান এজন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন।

দক্ষিণ কোরিয়া দলের এক ভক্ত লেখেন, “তারা বলে তারা আমাদের ভালোবাসে এবং আমরা তাদের ভাই, তাহলে এগুলো কি…. এটা যে বর্ণবাদী আচরণ তারা তা জানে বলেই আমি শুনেছি।”

 

অন্য একজন লেখেন, “মেক্সিকোর ভক্তরা, যদি আপনারা কোরিয়া দলকে ধন্যবাদ দিতেই চান তবে দয়া করে তা সম্মানের সঙ্গে দিন। এরকম ছবি

আপলোড করবেন না, যেটা অপমান বলে বিবেচিত হয়।”

মেক্সিকোর এক ভক্ত লেখেন, “এ আচরণের জন্য ক্ষমাপ্রার্থী। সব মেক্সিকান এমন নন।”

আলোচনা-সমালোচানা শুরুর পর অনেকেই পোস্ট করা ছবি ও ভিডিও সরিয়ে নিয়েছেন বলে জানায় বিবিসি।

এদিকে এনবিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে দুই উপস্থাপক জেমস তাহ্হান ও জেনিস বেনকসমের আচরণ ‘খুবই হতাশজনক’ বলে বর্ণনা করা হয়।

“আমাদের কোম্পানি এ ধরনের অসঙ্গত আচরণ খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, কারণ এটা আমাদের মূল্যবোধ ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।”

দুই উপস্থাপককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

পরে এক টুইটে জেমস তাহ্হানও ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি এশিয়ার জনগণের প্রতি অসঙ্গত এবং অবিবেচকের মত আচরণ করেছেন।

“আমার এ আচরণের জন্য যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।”