ফিনল্যান্ডে জঙ্গি হামলা: মরক্কোর শরণার্থী তরুণের যাবজ্জীবন
ফিনল্যান্ডের তুরকু শহরে ছুরি হামলাকারী মরক্কোর শরণার্থী তরুণ আব্দেররহমান বুয়ানানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
শুক্রবারের রায়ে বলা হয়, “জঙ্গিবাদে উদ্ভূত হয়ে দুই নারীকে হত্যা এবং একই উদ্দেশ্যে আরও আটজনকে হত্যা চেষ্টার অভিযোগে ভার্সিনাইস-সুওমি জেলা আদালত আব্দেররহমান বুয়ানানিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে।”
ফিনল্যান্ডে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ১২ বছর।
গত বছর অগাস্টে ফিনল্যান্ডের তুরকু শহরের পুটোরি-মার্কেট স্কয়ারে ভিড়ের মধ্যে ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন বুয়ানানি। তার ছুরিকাঘাতে দুই নারী নিহত এবং আর আটজন আহত হন।
পরে পুলিশ পায়ে গুলি করে বুয়ানানিকে থামায়। ফিনল্যান্ডে এটাই ছিল প্রথম জঙ্গি হামলার ঘটনা।
যদিও আদালতে বুয়ানানির আইনজীবী বলেছিলেন, “তার ২২ বছরের মক্কেল কোনো জঙ্গিদলের সঙ্গে জড়িত নন এবং এটা জঙ্গি হামলা ছিল না। শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন নাকচ হয়ে যাওয়ায় হতাশা থেকে তিনি হামলা করেছিলেন।”
কোনো জঙ্গি দল ওই হামলার দায় স্বীকার করেনি।
বুয়ানানি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছিলেন।
এ হামলায় জড়িত সন্দেহে মরক্কোর আরও তিন নাগরিককে আদালতে উপস্থাপণ করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হয়নি।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক পঞ্চম মরক্কানকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল।
