ফিলিস্তিনিদের ওপর ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ’: ইসরায়েলের নিন্দা জাতিসংঘের
ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
বুধবার আলজেরিয়া, তুরস্ক ও ফিলিস্তিনের আনা নিন্দা প্রস্তাবটি ১২০ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আটটি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়; ভোটদানে বিরত ছিল ৪৫টি রাষ্ট্র।
প্রস্তাবে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে ফিলিস্তিনের দখল হওয়া অঞ্চলে ‘আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাপনা’ গড়ে তোলার সুপারিশ প্রণয়নেও অনুরোধ করা হয়েছে।
চলতি মাসে একই ধরনের একটি প্রস্তাব ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে উঠলেও যুক্তরাষ্ট্রের ভিটোর কারণে তা বাতিল হয়ে যায়।
বুধবারের প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলের বেসামরিক এলাকার দিকে রকেট ছোড়ার নিন্দা জানানো হলেও ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ এ এলাকাটির নিয়ন্ত্রক হামাসের নাম উল্লেখ করা হয়নি।
সাধারণ পরিষদের প্রস্তাব মানতে আইনী বাধ্যবাধকতা না থাকলেও এর রাজনৈতিক মূল্য আছে বলে মন্তব্য রয়টার্সের।
“প্রস্তাবের প্রকৃতিতে স্পষ্ট প্রতীয়মান হয়, রাজনীতিই আজকের দিনগুলোকে পরিচালনা করছে। এটি (প্রস্তাব) পুরোপুরি একপেশে। এতে একবারও হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের নাম বলা হয়নি, যারা ধারাবাহিকভাবে গাজায় সহিংসতা উসকে দিচ্ছে,” ভোটাভুটির আগে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।
হামাসের সহিংসতাকে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবে একটি অনুচ্ছেদ যুক্ত করতে চাইলেও শেষ পর্যন্ত ওই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
“প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে আপনারা সন্ত্রাসী একটি সংগঠনের সঙ্গে গোপন অশুভ আঁতাতের অংশীদার হচ্ছেন; প্রস্তাবের পক্ষে থেকে আপনারা হামাসকে ক্ষমতায়িত করছেন,” ভোটের আগে বলেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে অবস্থান ছিল অস্ট্রেলিয়া, মার্শাল আইল্যান্ডস, নাউরু, মাইক্রোনেশিয়া, সলোমন আইল্যান্ডস ও টোগোর।
চলতি বছরের ৩০ মার্চ থেকে গাজা সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের ‘মার্চ অব রিটার্ন’প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
নিহতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ১৪ মে, এদিনই আনুষ্ঠানিকভাবে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
প্রাণঘাতী শক্তি প্রয়োগে ইসরায়েলের আচরণ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা থাকলেও দেশটি বলছে, তাদের হামলায় নিহতদের বেশিরভাগই জঙ্গি-সন্ত্রাসী। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সীমান্তে হামলা প্রতিহত করছে বলেও দাবি তেল আবিবের।
ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ পক্ষে শক্ত অবস্থান ওয়াশিংটনের। তেল আবিবের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ আটকে দিতেও বেশ সচেষ্ট তারা।
গাজা-ইসরায়েল সীমান্ত বরাবর চলমান বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ বিক্ষোভকারীই নিরস্ত্র, ইসরায়েল তাদের ওপর অত্যধিক শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও তাদের আন্তর্জাতিক সমর্থকদের।
“আমাদের বেসামরিক জনগণের সুরক্ষা প্রয়োজন। সহিংস পরিস্থিতির মাত্রা কমিয়ে আনাই এ প্রস্তাবের লক্ষ্য। ভয়াবহ সহিংস অপরাধ ও পদ্ধতিগতভাবে যেভাবে আমাদের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লংঘন করা হচ্ছে তা নিয়ে চুপ করে থাকতে পারি না আমরা, ” সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব নিয়ে ভোটের আগে বলেন জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর।
বুধবারের প্রস্তাবে জাতিসংঘের মহাসচিবকে ৬০ দিনের মধ্যে ‘ইসরায়েলি দখলকৃত অঞ্চলের বেসামরিক ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলাসহ তাদের নিরাপত্তা, সুরক্ষা ও ভালো পরিবেশ নিশ্চিতের উপায় সংক্রান্ত’ সুপারিশ দিতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে সাধারণ পরিষদের ১২৮টি দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দানের বিরোধিতা করেছিল।
