২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরীয়দের সঙ্গে তিনদিন: ‘অপ্রস্তুত মুহুর্ত ও ক্ষীণ হাসি’

সিঙ্গাপুরের যে বিলাসবহুল হোটেলে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা তিনদিন ছিলেন, তার দ্বিতীয় রাতের শেষ বেলায় কিমের নিরাপত্তা দলের এক সদস্য হোটেলের লবিতে রয়টার্সের এক প্রতিবেদকের পাশে এসে বসেছিলেন, ঠোঁটে ছিল সামান্য হাসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 03:48 PM

Updated : 25 Jul 2022, 08:34 PM

সেইন্ট রিজেস হোটেলে দিন-রাত সজাগ থাকা কিমের দেহরক্ষীদের বিশাল দলের পক্ষ থেকে সেটিই ছিল উষ্ণতা ছড়ানো প্রথম মুহুর্ত। জড়ো হওয়া শত শত সাংবাদিক, অতিথি ও পৃষ্ঠপোষকের চোখের ইশারাতেও সাড়া দেননি উত্তরের নেতার নিরাপত্তায় নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত ওই দেহরক্ষীরা।

এর মধ্যেই হোটেল লবিতে উত্তর কোরীয় দেহরক্ষীকে পেয়ে তার কাছ থেকে কিমের সফর সম্বন্ধে আরও কিছু জানার সুযোগ পাওয়া গেছে বলে মনে করেন রয়টার্সের সাংবাদিক ফাথিন আঙ্কুর, সহাস্য নিরাপত্তা রক্ষীকে তিনি জিজ্ঞেস করেন, “কেমন চলছে?”

মুহুর্তেই হাত সামনে এনে আঙ্কুরের মুখের ওপর তা নাড়িয়ে ‘কথা বলা যাবে না’ সংকেত দেন উত্তর কোরীয় প্রতিনিধিদলের নিরাপত্তায় নিয়োজিত ওই ব্যক্তি। সানগ্লাস বের করে সেটি পরিষ্কার করেন; হোটেল অভ্যন্তর ও রাত হওয়া সত্ত্বেও চোখে দিয়ে দেন সেটি।

পুরো সফরে ওই একবারই রয়টার্সের কোনো প্রতিবেদক কিমের দেহরক্ষীদের এতটা কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ সম্মেলন কভার করতে বার্তা সংস্থাটির ছয় সংবাদকর্মীর দিন তিনেকের আবাসস্থল হয়ে উঠেছিল ক্রিম রঙের, মার্বেল পাথরে আচ্ছাদিত সিঙ্গাপুরের সবচেয়ে দামী হোটেলগুলোর একটি সেইন্ট রিজেসের লবি।

পশ্চিমা সাংবাদিকদের ক্ষেত্রে কিমের কাছাকাছি যাওয়ার সুযোগ পাওয়াই অত্যন্ত বিরল ঘটনা, সেখানে একই ভবনে থাকার সম্ভাবনা তো একপ্রকার অসম্ভবই ছিল।

এর মধ্যেও রয়টার্সের প্রতিনিধিরা বিরামহীনভাবে জড়ো হয়েছিলেন সেইন্ট রিজেসে, আর তাদের সারাক্ষণই চোখে চোখে রেখেছিলেন উত্তর কোরিয়ার দেহরক্ষীদল, হোটেল কর্মী ও সিঙ্গাপুরের পুলিশ।

উত্তর কোরিয়ার নেতৃত্ব, বিশেষ করে কিমের ধারেকাছেও যেন সাংবাদিকরা না ভিড়তে পারেন তা নিশ্চিতে তারা ছিলেন সদা তৎপর।

ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ছিল। শুধু পিয়ংইয়ং থেকে আসা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মীরাই ছিলেন ব্যাতিক্রম; নিরাপত্তার ঘেরাটোপের ভেতরে ছবি তোলা ও কাজ করার সুযোগ একমাত্র তাদেরই ছিল।

কিমের হোটেলে অবস্থানের সময়কালে, ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত রয়টার্সের সিউল, হংকং ও সিঙ্গাপুরের ছয় সদস্যের প্রতিনিধিদল হোটেলকে ঘিরেই ঘুরপাক খেয়েছেন। 

সার্বক্ষণিক এ পর্যবেক্ষণের মূল কারণ- ২০১১ সালে উত্তর কোরিয়ার শীর্ষপদে আসীন হওয়ার পর থেকে দেশের বাইরে খুব কমই সফর করা কিমকে নিয়ে সৃষ্ট কৌতুহল। ভ্রমণবৃত্তান্ত সম্বন্ধে জানানো সামান্য তথ্যের কারণে উত্তরের নেতার পক্ষে দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন অংশে ‘হঠাৎ হানা’ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।

সিঙ্গাপুরে এবারের সফরে কিম ধারণার চেয়েও বেশি সময় অবস্থান করেছিলেন বলেও জানিয়েছে রয়টার্স।

সোমবার রাতে অভাবনীয় সফরে দেশটির বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে যান উত্তরের শীর্ষ নেতা। এরই একটিতে বিখ্যাত মেরিনা বে হোটেলের উপরে হাস্যজ্জ্বল কিম ধরা পড়েন উল্লসিত স্থানীয় বাসিন্দাদের নজরে।

কয়েক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক যুদ্ধ নিয়ে হুমকি চালাচালি করা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এ নেতার এমন প্রত্যাবর্তনকে নাটকীয় বলছেন পর্যবেক্ষরাও।

কিমের চলার পথে বিনা অনুমতিতে তার ছবি তোলার ক্ষেত্রেই কঠোর ঘেরাটোপ ছিল। সশস্ত্র সিঙ্গাপুর পুলিশের একঝাঁক সদস্য ও সরকারি কর্মকর্তারা তখন উত্তর কোরিয়া থেকে আসা অতিথিদের জন্য দেওয়া নিরাপত্তা দড়ির চারপাশে এমনভাবে অবস্থান নিতেন, যেন কিমের দলের কাউকেই দেখা না যায়।

ফোন ও ক্যামেরা ছিল একেবারেই নিষিদ্ধ। কাউকে সেসময় ছবি তুলতে দেখা গেলে সঙ্গে সঙ্গে তা জব্দ এবং সেখান থেকে ছবিগুলো ফেলে দেওয়া হতো।

এরকমই এক ঘটনায় মঙ্গলবার কিমের নিরাপত্তারক্ষী দলের এক সদস্যকে পেছনে রেখে একটি সেলফি তুলেছিলেন সেইন্ট রিজেস হোটেলের এক অতিথি। তাৎক্ষণিকভাবে ছুটে এসে সিঙ্গাপুরের পুলিশকে ঘটনাটি অবহিত করেন ওই ক্রুদ্ধ দেহরক্ষী।

সিঙ্গাপুরি পুলিশ পরে ওই অতিথির ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেয়।

ভ্রু কুঁচকে, তীক্ষ্ণ নজরে ফোন থেকে ছবি ফেলে দেওয়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন ওই উত্তর কোরীয়। ছবিগুলো ডিলিট করা হয়েছে, পুলিশের এমন বক্তব্যের পরও হাতের আঙ্গুল দিয়ে ‘ক্রস’ চিহ্ন আঁকতে দেখা যায় তাকে।

রয়টার্সের প্রতিনিধিদলের মধ্যে অল্প কজনই কোরীয় ভাষা জানেন, এটা বুঝতে পেরেই হোটেল লবি ও অন্যান্য স্থানে তাদের উপস্থিতি বরদাশত করেছিল উত্তর কোরীয়রা। এরপরও যখনই তাদের কাছাকাছি ঘেঁষার সুযোগ হয়েছে, তখনই কর্কশ কণ্ঠে দূরে সরে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

পুরো তিনদিনে একবারই লিফটের জন্য অপেক্ষারত এক উত্তর কোরীয় নারীর সঙ্গে ইংরেজিতে কথা বলার সুযোগ পান রয়টার্সের এক প্রতিবেদক। অল্প যে কয়জনের দেশ ছেড়ে বাইরে বের হওয়ার সুযোগ থাকে, নারীটি যে তাদের একজন তা তার আমেরিকান উচ্চারণই জানান দিচ্ছিল।

প্রতিনিধির করা প্রশ্নের জবাবে নিজের ভ্রমণবৃত্তান্ত কিংবা ট্রাম্প-কিম বৈঠক ঘিরে প্রত্যাশার কথা বলতে রাজি হননি ওই নারী।

লিফটে করে উত্তর কোরীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল পেছনে এসে হাজির হলে রয়টার্সের প্রতিনিধির দিক থেকে মুখ ঘুরিয়ে নেন ওই নারী।

“আমার মনে হয় আপনার লিফটটি চলে এসেছে,” দলটি চলে যাওয়ার পর এলিভেটরের দিকে ইঙ্গিত করে বলেছিলেন তিনি। 

কোনো ধরনের অপ্রস্তুত অবস্থায় ফেলে থাকলে সে জন্য ক্ষমা চান রয়টার্সের প্রতিনিধি।

“ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলা আমার জন্যও গর্বের,” প্রত্যুত্তর ওই উত্তর কোরীয়র।