ইতালির ফিরিয়ে দেয়া শরণার্থী উদ্ধারকারী জাহাজ নেবে স্পেন
ইতালি বা মাল্টা কেউ প্রবেশের অনুমতি না দেওয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ৬২৯ শরণার্থী নিয়ে সমুদ্রে ভাসমান জাহাজটিকে গ্রহণ করতে রাজি হয়েছে স্পেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, মানবিক বিপর্যয় এড়াতে তিনি জাহাজটিকে ‘নিরাপদে পোতাশ্রয়ে’ প্রবেশ করতে দেবেন।
তিনি বলেন, "জাহাজটিকে ভ্যালেন্সিয়ার ডকে প্রবেশ করতে দেওয়া হবে।”
জাহাজটি ইতালি থেকে ৩৫ নটিক্যাল মাইল এবং মাল্টা থেকে ২৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে বলে জানায় জার্মানির দাতব্য সংস্থা এসওএস মেডিটেরিয়ান ।
জাহাজের ক্রুরা জানায়, লিবিয়া উপকূলে সমুদ্রের ছয়টি স্থান থেকে এসব শরণার্থীদের উদ্ধার করা হয়, যাদের অনেকেই শিশু।
ইতালির নতুন সরকার জোটের দল রাইট-উইং লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনি নির্বাচনী প্রচারের সময় শরণার্থী প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এরই মধ্যে তিনি নিজের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে শুরু করেছেন।
জাহাজটি প্রবেশ করতে না দেওয়ার ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি টুইটারে বলেন, “ইতালি অনুগতের মত মাথা নোয়ানো বন্ধ করেছে, এখন সেখানে এমন কেউ আছে যিনি ‘না’ বলবেন।”
জাহাজটিকে বরং মাল্টায় ভিড়তে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
যদিও মাল্টা সরকার তাতে রাজি হয়নি। তাদের দাবি, জাহাজটি ইতালির আওতাভূক্ত এলাকায় অবস্থান করছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উভয় দেশকে এ অচলাবস্থা কাটিয়ে জাহাজটিকে দ্রুত তীরে ভিড়তে দেওয়ার আহ্বান জানিয়েছিল।
এ নিয়ে টানাপড়েনের মধ্যেই স্পেন থেকে এ ঘোষণা এল।
