তালেবানের সঙ্গে আফগান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা
মুসলমানদের পবিত্র মাস রমজান এবং ঈদুল ফিতর উদযাপনের সুযোগ দিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন।
তবে ইসলামিক স্টেটের মত জঙ্গি দল এর আওতাভূক্ত নয়।
গত সোমবার আফগানিস্তানের আলেমরা আত্মঘাতী হামলার বিরুদ্ধে ফতোয়া জারি করেন।
দুই হাজারেরও বেশি আলেমের অংশগ্রহণে কাবুলের লয়া জিরগা (গ্রান্ড কাউন্সিল) তাঁবুতে গত রোববার ও সোমবার দুই দিনব্যাপী একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনেই ধর্মীয় নেতারা আত্মঘাতী হামলার বিরোধিতা করে ফতোয়া দেন এবং দেশটিতে বছরের পর বছর ধরে চলা লড়াইয়ের নিন্দা জানান।
তারা তালেবানের প্রতি বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার পরিস্থিতি তৈরি করার আহ্বানও জানান। এর পরই গনির এ ঘোষণা এল।
২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আফগান প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন।
এর আগে তিনি একবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেবার কয়েকটি শর্ত ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটারে গনি বলেন, “এই যুদ্ধবিরতি তালেবানের জন্য একটি সুযোগ। যাতে তারা বুঝতে পারে, নৃশংসতার মাধ্যমে মানুষের হৃদয় ও মন জয় করা যায় না।”
যদিও তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
কাবুল ভিত্তিক একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে, এটা খুব একটা কার্যকর হবে না।
তিনি বলেন, “এটা অনেকটা এক তরফা প্রেম কাহিনীর মত।”
তবে আফগানিস্তানে দায়িত্বরত মার্কিন বাহিনী এ যুদ্ধবিরতি সম্মান জানাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
