২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী হামলার বিরুদ্ধে ফতোয়ায় সমর্থন আফগানিস্তানের প্রেসিডেন্টের

কাবুলে ধর্মীয় নেতাদের শান্তি সম্মেলনের বাইরে বোমা হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আত্মঘাতী হামলার বিরুদ্ধে আলেমদের দেওয়া ফতোয়ায় সমর্থন দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 04:17 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

এ ধরনের হামলাকে ইসলামের নীতি বিরুদ্ধ বলেও অভিহিত করেছেন তিনি।  

সোমবার ধর্মীয় নেতাদের ওই সম্মেলনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় সাত আলেমসহ ১৪ জন নিহত হন। এরপর দেওয়া প্রতিক্রিয়ায় গনি ফতোয়ার পক্ষে অবস্থান নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“সারাদেশ থেকে আসা আলেম ও ধর্মীয় নেতাদের সম্মেলনকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা প্রকারান্তরে নবীর উত্তরাধিকার ও ইসলামের মূল্যবোধের ওপরই হামলা। দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তা প্রতিদিনই অসংখ্য নিরপরাধ শিশুর জীবন কেড়ে নিচ্ছে,” বলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। 

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সোমবারের হামলার দায় স্বীকার করলেও কোনো প্রমাণ হাজির করেনি বলে জানিয়েছে রয়টার্স।

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া তালেবানরা এই হামলার সঙ্গে কোনো ধরনের যোগসাজশের সম্ভাবনা নাকচ করলেও হামলার জন্য ‘মার্কিন কর্মকাণ্ডকেই’ দায়ী করেছে তারা।

দুই হাজারেরও বেশি আলেমের অংশগ্রহণে কাবুলের লয়া জিরগা (গ্রান্ড কাউন্সিল) তাঁবুতে রোববার ও সোমবার, দুই দিনব্যাপী শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল; সম্মেলনে ধর্মীয় নেতারা আত্মঘাতী হামলার বিরোধিতা করে একটি ফতোয়া দিয়েছেন ও বছরের পর বছর ধরে চলা লড়াইয়ের নিন্দা করেছেন।

বিদেশি সৈন্যদের দেশ ত্যাগের সুযোগ দিতে তালেবানদের প্রতি শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন তারা।

আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন ও জেলা কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে একের পর এক হামলায় বিদ্রোহীরা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক করে তুলছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে ধারাবাহিক বোমা হামলায় বহু লোক নিহত হয়েছেন। এখন রমজান মাস চললেও সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।