২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাংবাদিক অপহরণ

পাকিস্তান সেনাবাহিনীর কট্টর সমালোচক দেশটির এক নারী সাংবাদিককে অপহরণ করে কয়েক ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে লাহোরের ক্যান্টনমেন্ট এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা সাংবাদিক গুল বুখারির গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে তার পরিবারের বরাত দিয়ে বিবিসি ‍জানায়।

রাতে নিজের বাসা থেকে কর্মস্থলে ‍যাচ্ছিলেন গুল। ক্যান্টনমেন্ট এলাকায় কয়েকটি পিক-আপ গুলের গাড়ির সামনে এসে সেটিকে থামায় বলে জানান তার গাড়িচালক।

গুলের এক সহকর্মী বলেন, অপহরণের সময় সাদা পোশাকের লোক ছাড়াও সেখানে ‘সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিও ছিল’।

 

গুল পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

তার সহকর্মী মুহাম্মদ গুলশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “তারা গুলের মুখমণ্ডল কালো কাপড় দিয়ে ঢেকে তাকে নিয়ে যায়।”

অপহরণের কয়েক ঘণ্টা পর গুলের স্বামী তিনি নিরাপদ আছেন বলে জানান। যদিও এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে টুইটারে এক বিবৃতিতে গুলের এক স্বজন বলেন, তিনি ভালো আছেন এবং সবাইকে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন।

পাকিস্তানে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। তারা প্রায়ই দেশটির রাজনীতি ও সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করে।

এ বছরের শুরু থেকে পাকিস্তানের বেশ কয়েকজন ব্লগার, সমাজকর্মী এবং সাংবাদিক অপহৃত হয়েছেন বা তাদের অপহরণের চেষ্টা হয়েছে।

এরকম কয়েকজন মুক্তি পাওয়ার পর বলেছেন, সরকারি একটি সংস্থার সদস্যরা তাদের নির্যাতন করেছে।

এমন একজন ফেইসবুক অ্যাক্টিভিস্ট ওয়াকাস গোরায়া। গত জানুয়ারিতে তাকেসহ পাঁচজনকে আপহরণ করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি নিপীড়নের শিকার হওয়ার কথা জানান।

এরকম একজন রাজা খান। গত ডিসেম্বর অপহরণের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া পাকিস্তানের আরেক সুপরিচিত সাংবাদিক তাহা সিদ্দিকীকে ইসলামাবাদ বিমানবন্দর এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করা হয়েছিল। তিনি প্রাণ বাজি রেখে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেন।

পরে তিনি পাকিস্তানকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করে বলেন, এখানে সংবাদমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দিয়েছে বলেও জানান তিনি।

গুলের অপহরণের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন এর পেছনে ‘সেনাবাহিনীর হাত আছে বলে’ অভিযোগ করছে।

তাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সমালোচকদের মুখ বন্ধ করতে এভাবে অপহরণ করে ভয় দেখানো হচ্ছে।

যদিও সেনাবাহিনী থেকে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

উল্টো পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংসের প্রদান মেজর-জেনারেল আসিফ গফুর সতর্ক করে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে কে আসলে কি করছে সেটা বের করার ক্ষমতা আমাদের আছে।”