২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ‘চর’ অভিযোগে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

চীনের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তির চেষ্টার অভিযোগে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 02:08 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

শনিবার ৫৮ বছর বয়সী রন রকওয়েল হানসেন চীনগামী বিমান ধরার জন্য সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে থাকাকালে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে আটক করে।

এফবিআই জানিয়েছে, হানসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক তথ্য চীনের কাছে পাঠানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি চীনের সরকারের পক্ষ হয়ে অবৈধ গোয়েন্দাবৃত্তি ও ‘লাখ লাখ ডলার’ গ্রহণ করার অভিযোগও আনা হয়েছে।

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে; এবার হানসেনও তাদের সঙ্গে যুক্ত হলেন।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, হানসেন মান্দারিন-চাইনিজ ও রুশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

তিনি ২০০০-২০০৬ পর্যন্ত সামরিক বাহিনীতে থাকাকালীন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন, পরে বেসামরিক চাকরিজীবি ও ঠিকাদার হিসেবে ওই দায়িত্ব পালন করে যান।

কয়েক বছর ধরে অতি গোপনীয় নিরাপত্তা ছাড়পত্রও ছিল তার।

মার্কিন সরকার জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি বিভিন্ন সম্মেলনে যোগ দিতে চীন ও রাশিয়ায় গিয়েছেন এবং যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলো চীনের গোয়েন্দা বিভাগের কাছে পাঠিয়েছেন।

ক্রেডিট ট্রান্সফার, নগদ ও ক্রেডিট কার্ডের মাধ্যমে হানসেনকে অর্থ দেওয়া হয়েছে এবং তিনি অবৈধভাবে রপ্তানি নিষিদ্ধ প্রযুক্তিও বিক্রি করেছেন বলে অভিযোগ।

আদালতের রেকর্ড অনুযায়ী, এফবিআই ২০১৪ সাল থেকে তার তৎপরতার বিষয়ে তদন্ত শুরু করে। তবে ওই তদন্তের বিষয়ে তিনি জ্ঞাত ছিলেন না এবং ওই অবস্থায়ই স্বেচ্ছায় এফবিআই এজেন্টদের সঙ্গে নয়বার বৈঠক করেছিলেন।

কৌঁসুলিরা জানিয়েছেন, ওই বৈঠকগুলোতে তিনি এফবিআইকে জানিয়েছিলেন যে চীনের গোয়েন্দা সংস্থা তাকে রিক্রুট করার চেষ্টা করেছে। ওই বৈঠকগুলোতে তিনি একজন সূত্র হিসেবে এফবিআইকে সহযোগিতা করার প্রস্তাব করেছিলেন এবং এফবিআইকে গোপনীয় নথি ভরা একটি পেন ড্রাইভ সরবরাহ করেছিলেন, ওই নথিগুলো নিজের কাছে রাখার অনুমতি ছিল না তার।

সোমবার সিয়াটলের একটি ম্যাজিষ্ট্রেট আদালতে হানসেনকে হাজির করে তার বিরুদ্ধে ১৫টি অভিযোগ আনা হয়।

চলতি বছরের প্রথমদিকে চীনের কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য দেওয়া অথবা দেওয়ার জন্য তথ্য জড়ো করার অভিযোগে সিআইএ-র সাবেক তদন্ত কর্মকর্তা জেরি চুন শিং লি অভিযুক্ত হয়েছিলেন।

কেভিন ম্যালোরি নামের যুক্তরাষ্ট্রের আরেকজন গোয়েন্দা কর্মী চীনের কাছে গোপনীয় তথ্য বিক্রি করার অভিযোগে বর্তমানে বিচারাধীন আছেন।