২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের নির্দেশ

সরকারের কৃচ্ছতা সাধন কর্মসূচীর প্রতিবাদে টানা চাররাত ধরে চলা বিক্ষোভের পর জর্ডানে প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 06:22 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

জর্ডান সরকার সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

যার অংশ হিসেবে কয়েকদিন আগে পার্লামেন্টে নতুন একটি কর বিল প্রস্তাব করা হয়।

ওই কর বিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত বলে জানায় সরকার।

কিন্তু বিক্ষোভকারীদের দাবি, নতুন ওই কর বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে।

ওই বিল সংস্কারের দাবিতে রাজধানী আম্মানে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাদশাহ আব্দুল্লাহর কাছে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিয়েছে।

কিন্তু হানি মুলকি সংস্কারের দাবি নাকচ করে দিয়ে বলেছিলেন, বিলটি পাশ হবে, নাকি হবে না তা সম্পূর্ণরূপে পার্লামেন্টের উপর নির্ভর করছে।

পুলিশ জানায়, টানা চাররাত ধরে চলা এ বিক্ষোভে শতাধিক মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে প্রায় অর্ধশত পুলিশ আহত হয়েছেন।

শনিবার রাতে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রাজধানীর বিভিন্ন সড়ক আটকে দেয় এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

Image
গত ২ জুন রাজধানী আম্মানে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে। ছবি: রয়টার্স

গত ২ জুন রাজধানী আম্মানে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে। ছবি: রয়টার্স

জনগণ ও সরকারের এই মুখোমুখি অবস্থানের মধ্যে সংকট নিরসনে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সোমবার হানিকে ডেকে পাঠিয়ে ‍পদত্যাগের নির্দেশ দেন।

বাদশাহ প্রাসাদের এক কর্মকর্তা জানান, “সোমবার বিকালে হুসেইনিয়েহ প্যালেসে বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী হানি মুলকি তার পদত্যাগপত্র পেশ করেন এবং বাদশাহ তা গ্রহণ করেন।”

জর্ডানে বাদশাহ সর্বময় ক্ষমতার অধিকারী। বাদশাহ যে কোনো সময় সরকার নিয়োগ এবং আইন পাশ করতে পারেন।

হানি মুলকির পদত্যাগের পর বাদশাহ আব্দুল্লাহ বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবীদ এবং শিক্ষামন্ত্রী ওমর আল-রাজ্জাজকে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।

নতুন কর বিল নিয়ে হানি সরকারের ব্যাখ্যা ছিল, জনসেবামূলক কাজে তহবিলের যোগান দিতে অর্থের প্রয়োজন। এছাড়া নতুন কর বিলে উচ্চআয়ের মানুষদের কাছ থেকে বেশি অর্থ আদায়ের কথা বলা হয়েছে। 

অন্যদিকে বিক্ষোভকারীদের আশঙ্কা, নতুন কর বিলের কারণে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

গত কয়েক বছর ধরে জর্ডানের জনগণ পণ্যের দামের উর্ধ্বগতি এবং বেতন হ্রাসের সঙ্গে সমন্বয় করতে লড়াই করছে।

প্রতিবেশী সিরিয়া ও ইরাকে দীর্ঘ কয়েক বছর ধরে চলা যুদ্ধের কারণে জর্ডানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে বলে মনে করেন বাদশাহ আব্দুল্লাহ।

২০১৬ সালের জুনে জর্ডানের প্রধানমন্ত্রী হন হানি মুলকি। সাবেক এই কূটনীতিক তার আগে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ফাওজি মুলকির ছেল।