দক্ষিণ চীন সাগরে প্রতিবেশীদের ‘ভয় দেখাচ্ছে বেইজিং’
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে বেইজিং প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস।
সিঙ্গাপুরে শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে ম্যাটিস বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে কর্মকাণ্ড বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্কে আগ্রহী হলেও প্রয়োজন পড়লে জোরাল প্রতিদ্বন্দ্বিতায় দ্বিধা করবে না, মন্তব্য তার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি নেই, সম্মেলনে ম্যাটিস এমনটাই বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।
“আলোচনার টেবিলে বিষয়টি নেই,” যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ অ-পারমাণবিকীকরণ চায় বলেও জানান এই জেনারেল।
একই সম্মেলনে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রী সং ইয়ং-মো বলেন, উত্তরের পারমাণবিক নিরস্ত্রিকরণ এবং দক্ষিণে যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান একেবারেই ভিন্ন প্রসঙ্গ।
দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটিতে মার্কিনের এখনো প্রায় সাড়ে ২৮ হাজার সৈন্য আছে বলে ধারণা রয়টার্সের।
নিরাপত্তা সম্মেলনে ম্যাটিস দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক স্থাপনা মোতায়েনে উদ্বেগ প্রকাশ করেন। চীন বিতর্কিত ওই জলসীমায় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বৈদ্যুতিক জ্যামার বসিয়েছে জানিয়ে এগুলো প্রতিবেশীদের আতঙ্কিত এবং তাদের ওপর চাপ বিস্তার করছে বলেও অভিযোগ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূমিকাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় বলেও মন্তব্য ম্যাটিসের।
বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগর অন্যতম প্রধান রুট; চীনসহ ছয়টি দেশ সাগরটির বিভিন্ন অংশের জলসীমার মালিকানা দাবি করে আসছে।
বেইজিং এরই মধ্যে বিতর্কিত ওই অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ ও বিভিন্ন সামরিক স্থাপনা মোতায়েন করেছে।
ইয়োনজিং দ্বীপে গত মাসে চীন প্রধমবারের মত বোমারু বিমান নামালে তার কড়া প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন। চীনের এ পদক্ষেপ ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও সতর্ক করে তারা।
ইয়োনজিং দ্বীপটি পশ্চিমে উডি আইল্যান্ড নামেই পরিচিত; চীনের পাশাপাশি ভিয়েতনাম ও তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে।
