পাকিস্তানে শপথ নিলেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্ক।
২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা পরই মুল্ক শপথ নিলেন।
রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার এ শপথ অনুষ্ঠান হয়েছে। মুল্ককে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হুসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিহ সরকারের শীর্ষ কর্মকর্তরা ও সামরিক কর্মকর্তারা।
শপথ অনুষ্ঠানের পর নাসিরুল মুল্ককে প্রধানমন্ত্রীর বাসভবনে গার্ড অব অনার দেয়া হয়।
গণমাধ্যমকে মুল্ক বলেছেন, ঠিক সময়মত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই তার প্রথম এবং প্রধান কাজ। ভেবে-চিন্তে দায়িত্ব পালন করা এবং মন্ত্রিপরিষদ ছোট করারও আশ্বাস দিয়েছেন তিনি।
৬৭ বছর বয়স্ক নাসিরুল মুল্ককে সরকার ও বিরোধীরা সর্বসম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মনোনীত করেছিল। তিনি পাকিস্তানের সপ্তম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।
শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেছেন, “সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্ককে নিয়ে কারো কোনো আপত্তি নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য।”
