২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন কিম

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় উত্তর কোরিয়ার প্রতিনিধিদল তাদের নেতা কিম জং উনের লেখা একটি চিঠি হস্তান্তর করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jun 2018, 12:03 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

কিমের ‘ডানহাত’ হিসেবে পরিচিত জেনারেল কিম ইয়ং চোল নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধিদলটি বুধবার চীন থেকে ওয়াশিংটন পৌঁছায়। সেখানে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার চোল নেতৃত্বাধীন দলটির হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে।

তবে ট্রাম্প ঠিক কখন তাদের ওভাল অফিসে আমন্ত্রণ জানাবেন তা এখনও নিশ্চিত হয়নি বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।

২০০০ সালের পর চোলই উত্তর কোরিয়ার শীর্ষ পর‌্যায়ের কোনো নেতা ‍যিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম নজিরবিহীন সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ওই সম্মেলন আয়োজন নিশ্চিত করতেই উত্তর কোরিয়ার প্রতিনিধি দলটি ওয়াশিংটন গেছে। তার আগে মার্কিন একটি প্রতিনিধি দল পিয়ংইয়ং সফর করে এসেছে।

কিমের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প দেশটিকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে চাপ দিতে চান।

তবে তাদের সম্মেলনের আগে দুই দেশের শীর্ষ পর‌্যায়ের কর্মকর্তাদের আরও কয়েক দফা আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি প্রথম বৈঠকেই এ কাজ শেষ করতে চাই। কিন্তু বেশিরভাগ সময় এভাবে চুক্তিতে উপনীত হওয়া যায় না। প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বৈঠকেও একটি চুক্তি না হওয়ার জোর সম্ভাবনা আছে। তবে কিছু কিছু বিষয়ে নিশ্চিয়ই একমত হওয়া যাবে।”

পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কণ্ঠেও এক সুর শোনা গেছে।

চোলের সঙ্গে বৈঠকের পর ‘সত্যিকারের অগ্রগতি’ হয়েছে বলার পরিবর্তে তিনি সতর্ক গলায় বলেন, খুব সম্ভবত দ্রুত সমাধান আসবে না।

“তারা কয়েক দশক ধরে একটি পথে চলে এসেছে, এখন তাদের এমন একটি পথ বেছে নিতে হবে যেটা মৌলিকভাবে আগের পথের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাই স্বাভাবিকভাবেই ওই পথে চলতে অনেক সময় লাগবে এবং সেটা সরাসরিও হবে না, এটা নিয়ে অবাক হওয়া উচিত না।”

ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তারা উত্তর কোরিয়ার ‘অ-পারমাণবিকীকরণের’ ক্ষেত্রে ‘লিবিয়ার পথ’ অনুসরণ করা হতে পারে এমনটা বলার পর চলতি মাসের মাঝামাঝি কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল পিয়ংইয়ং।

২০০৩ সালে লিবিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচী ত্যাগ করার অল্প কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও পুনঃস্থাপিত হয়। আট বছর পর নেটো সমর্থিত বিদ্রোহী ও আধাসামরিক গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। নেটো সমর্থিত বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর গাদ্দাফিকে হত্যা করা হয়।

লিবিয়া মডেলের উদাহরণ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে আতঙ্কিত করতে পারে বলে তখনই ধারণা করেছিলেন পর্যবেক্ষকরা।

পিয়ংইয়ংয়ের কড়া প্রতিক্রিয়ার পাল্টায় বৈঠক থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। পরে দুই পক্ষই বৈঠক আয়োজনে নতুন করে আগ্রহ দেখালে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেন।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হলে তা হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

পুরনো খবর:

নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উ. কোরিয়ার চোলের বৈঠক