২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম যুবককে বাঁচিয়ে ‘হিরো’ হওয়া শিখ পুলিশকে হত্যার হুমকি

ভারতের উত্তরাখণ্ডে গণপিটুনির হাত থেকে এক মুসলিম যুবককে বাঁচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হিরো’ বনে যাওয়া শিখ পুলিশ কর্মকর্তা গগনদীপ সিং প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 08:02 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

একথা বলেছেন তার সহকর্মী পুলিশ কর্মকর্তারা। গগনদীপকে ছুটিতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তারা।

রামনগর মন্দিরের কাছে হিন্দু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুসলিম ওই  যুবক। তখনই হিন্দু সংগঠনের সদস্যরা তাদেরকে দেখে ফেলায় তারা হেনস্থার শিকার হন।

গত শনিবার ঘটনাটি ঘটলেও ইন্টারনেটে আসা ঘটনার ভিডিওটি শুক্রবার ভাইরাল হয়। দুই মিনিটের এ ভিডিও’তে দেখা যায়, হামলাকারীরা যুবককে ওই নারী সম্পর্কে এবং তাদের সম্পর্কের ধরন নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যুবকেরও উত্তরে ওই ব্যক্তিরা উত্তেজিত হয়ে তাকে সজোরে থাপ্পড় মারে এবং লাঞ্ছিত করতে থাকে।

সে সময়ই গণপিটুনির হাত থেকে যুবকটিকে বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘হিরো’ হন শিখ পুলিশ গগনদীপ। ভিডিওটি প্রথম অনলাইনে আসার পরপরই অনেকেই গগনদীপের প্রশংসায় পঞ্চমুখ হন। ভারতীয়দের ‘রোল মডেল’ আখ্যা পান তিনি।

কিন্তু তার এ কাজের সমালোচনা হতেও দেরি লাগেনি। অনেকেই তার বিরুদ্ধে ‘অশোভন কার্যকলাপ’ এর পক্ষে কাজ করার অভিযোগ করেছেন। এমনকি কয়েকজন রাজনীতিবিদও প্রকাশ্যে হিন্দু সংগঠনের সদস্যদের আচরণকেই সমর্থন করেছেন।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ রাকেশ নয়নওয়াল বিবিসি কে বলেন, “মুসলিম কেউ হিন্দু মেয়েকে নিয়ে আমাদের উপাসনালয়ে আসাটা ঠিক নয়। বিশেষ করে তারা যখন জেনেশুনে কোনো মন্দির বা এরকম কোনো পবিত্র স্থানে আসে।”

এমন কাজ করা হিন্দু সম্প্রদায়ের আবেগ-অনুভূতিতে আঘাত হানার সামিল বলে মন্তব্য করেন আরেক বিজেপি এমএলএ রাজকুমার ঠুকরাল।

তবে পুলিশ কর্মকর্তা গগনদীপ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি কেবল তার কর্তব্য করেছেন। এমনকি ওই সময় পুলিশের পোশাকে ডিউটিতে না থাকলেও তিনি একই কাজই করতেন। প্রতিটি ভারতীয়রই তা করা উচিত বলে তিনি মনে করেন।

গগনদীপ আরো বলেন, “কারো জীবন বাঁচানোর ক্ষেত্রে ধর্ম কোনো বিষয় হতে পারে না। ওই যুবককে না বাঁচালে আমি আমার কর্তব্য পালনে ব্যর্থ হতাম।”