২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানের অনুসন্ধান ফের শুরু করা হতে পারে: মাহাথির

নতুন কোনো প্রমাণ পাওয়া গেলে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু করা হতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 02:16 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

বুধবার পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, “আমরা খুঁজে পাচ্ছি না, এমন একটি জিনিসের জন্য অনুসন্ধান এক পর্যায়ে বন্ধ করতে হয়। যদি আমরা নতুন কোনো তথ্য পাই, তাহলে ফের অনুসন্ধান শুরু করতেও পারি আমরা।”

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে উধাও হয়ে যায়। তারপর থেকে গত চার বছর ধরে ব্যাপক অনুসন্ধানের পরও উড়োজাহাজটির বা এর ধ্বংসাবশেষের কোনো হদিস পাওয়া যায়নি।

মঙ্গলবার নিখোঁজ ওই উড়োজাহাজটি অনুসন্ধানের সর্বশেষ বেসরকারি প্রচেষ্টায়ও ইতি টানা হয়। ব্যক্তিগতভাবে সংগ্রহ করা তহবিলের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ‘ওসান ইনফিনিটি’এ অনুসন্ধান চালাচ্ছিল। তারা ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে উড়োজাহাজটি হদিস পাওয়ার চেষ্টা চালায়, কিন্তু কিছুই খুঁজে পায়নি।

মালয়েশিয়া ও অন্যান্য দেশগুলোর সরকারিভাবে পরিচালিত যৌথ অনুসন্ধান গত বছরই শেষ করা হয়েছিল।

ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনাটি বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় রহস্য হয়ে আছে।