গাজায় ৩৫ টি লক্ষ্যে ইসরায়েলের বিমান হামলা
গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি গেরিলা দল হামাস ও ইসলামিক জিহাদের অন্তত ৩৫ টি আস্তানায় ব্যাপক গোলাবর্ষণ করেছে সেনারা।
মঙ্গলবার সকালে ফিলিস্তিনিদের ছোড়া ৩০ টির বেশি মর্টার বোমা ও রকেটের জবাবেই এ হামলা চালানো হচ্ছে বলে ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে।
গাজা থেকে রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হওয়া ছাড়া আর তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ইসরায়েলি সেনা বেতারে বলা হয়েছে, “রকেট ছোড়া (গাজা থেকে) বন্ধ না হলে এর জবাবে আরো বড় অভিযান চালানো হবে। এতে করে পরিস্থিতির অবনতি ঘটবে।”
ওদিকে, গাজা থেকে ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শেহাব বলেছেন, “ইসরায়েল শান্ত থাকলে এবং গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধ করলে আমরাও শান্ত থাকব।”
ইসরায়েল মঙ্গলবার জঙ্গি বিমান থেকে ৭ টি স্থানে হামাস ও ইসলামিক জিহাদের আস্তানাগুলোতে হামলা শুরু করেছে। সীমান্তের এপার-ওপারের কয়েকটি সুড়ঙ্গেও তারা হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসের ছয়টি সামরিক কম্পাউন্ড, গোলাবারুদের গুদাম, নৌস্থলসহ তাদের সদরদপ্তরগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।
গাজা-ইসরায়েল সীমান্ত উত্তেজনায় কয়েক সপ্তাহ আগেই সহিংসতায় শতাধিক ফিলিস্তিনির প্রাণহানির পর দুপক্ষে ফের এ হামলা পাল্টা হামলা শুরু হল।
গাজায় সীমান্ত বিক্ষোভে গত ৩০ মার্চ থেকে ইসরায়েলের ফিলিস্তিনি হত্যাযজ্ঞের জবাবেই ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ।
এক বিবৃতিতে গাজার কাছে ইসরায়েলি বিভিন্ন স্থাপনা এবং বসতিতে মর্টার বোমা হামলার যৌথ দায় স্বীকার করেছে ফিলিস্তিনের কাশেম এবং জেরুজালেম ব্রিগেড।
এর জবাবে গাজায় শুরু হওয়া বিমান হামলায় এরই মধ্যে হামাস এবং ইসলামিক জিহাদকে ‘চরম মূল্য’ দিতে হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান।
ওদিকে, গাজার হামাস পরিচালিত শিক্ষামন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের বিমান হামলায় একটি স্কুলে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাত লেগেছে। তবে ফিলিস্তিনি হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
