২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির নতুন প্রধানমন্ত্রী পদে আইএমএফ’র সাবেক কর্মকর্তা

ইতালির নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা কার্লো কোত্তারেল্লির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 11:01 PM

Updated : 08 Apr 2022, 06:26 PM

ইতালিতে রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের মুখে সোমবার নতুন সরকার গঠনের জন্য কার্লোকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানানো হয়।

গত ৪ মার্চ দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর জোট সরকার গঠনে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা  চললেও তা ব্যর্থ হয়েছে।

দুটি রাজনৈতিক দল ‘ফাইভ স্টার’ ও কট্টর ডানপন্থী লিগ পার্টি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছলেও প্রেসিডেন্ট তাদের পছন্দের প্রার্থীকে অর্থমন্ত্রী করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের চেষ্টা ভেস্তে গেছে।

অর্থমন্ত্রী বাছাই নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জেরে পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও উঠেছে।

ইতালির আইনমতে, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের আপত্তি জানানোর এখতিয়ার থাকলেও তার এবারের সিদ্ধান্তটি বিতর্কিত হওয়ায় তাকে অভিশংসনের ডাক ওঠে।

প্রেসিডেন্ট মাত্তারেল্লা এ সংকটের মধ্যেই  কার্লো কোত্তারেল্লিকে সরকার গঠনের আহ্বান জানান। কঠোর হাতে সরকারি ব্যয় কাটছাঁটের কারণে যিনি ‘মিস্টার সিজর’ নামে পরিচিত।

কোত্তারেল্লি খুব শিগগিরই নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন। গত মার্চে নির্বাচনের পর থেকেই সরকারশূন্য অবস্থায় রয়েছে ইতালি।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কোত্তারেল্লি আগামী বছরের শুরুর দিকেই আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।