২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কিম বৈঠকে অনিশ্চয়তায় ‘মধ্যস্থতার’ চেষ্টায় দ. কোরিয়া

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে অনুষ্ঠেয় বৈঠককে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা নিরসনে মধ্যস্থতার চেষ্টা করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 06:55 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া বৈঠক নাও করতে পারে বলে বুধবার হুমকি দিলে দেশটির নেতা কিমের সঙ্গে মার্কিন পেসিডেন্ট ট্রাম্পের ১২ জুনের নির্ধারিত শীর্ষ বৈঠক নিয়ে সংশয় সৃষ্টি হয়।

এরপরও ট্রাম্প বৈঠক করতে প্রস্তুত বলে হোয়াইট হাউজ জানালেও যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য জোর খাটাবে বলে তাদের অটল অবস্থান জানায়।

এ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউজের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়া সরকার বা প্রেসিডেন্ট মুন জে-ইন খুবই সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা করতে ইচ্ছুক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ মে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গে বৈঠক করবেন। তখনই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন নিয়ে দুই নেতার আলাপ হবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেছেন, “ব্লু হাউজ উত্তর কোরিয়ার অবস্থান এবং মনোভাব যতটা সম্ভব যুক্তরাষ্ট্রকে জানানোর চেষ্টা করবে... এবং একইভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ও মনোভাব যতটা সম্ভব উত্তর কোরিয়ার কাছে তুলে ধরার মাধ্যমে দু’পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবে।”