২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরাবায়ায় পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলায়ও ‘একটি পরিবার’

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের তিনটি গির্জায় একটি পরিবারের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার পর ২৪ ঘন্টা পার না হতেই পুলিশ দপ্তরে হামলা চালিয়েছে আরেকটি পরিবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 02:49 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন, সোমবার সুরাবায়ায় পুলিশ ভবনের বাইরে যে আত্মঘাতী হামলা হয়েছে তা পাঁচ সদস্যের একটি পরিবার চালিয়েছে। এদের মধ্যে আট বছরের এক শিশুও ছিল বলে জানিয়েছেন তিনি।

এ হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান জানান, দুটি মোটরসাইকেলে করে ওই পরিবারটি পুলিশ দপ্তরের সামনে চেকপেয়েন্টে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

এতে ওই পরিবারটির চার সদস্য নিহত হলেও আট বছরের শিশুটি বেঁচে যায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে দ্রুত সুস্থ্য হয়ে উঠছে বলে জানিয়েছে কারনাভিয়ান। 

রোববার তিন গির্জায় হামলায় ১৩ জন নিহত হওয়ার পর হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।