২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের ছুরি হামলাকারীর ‘জন্ম রাশিয়ার চেচনিয়ায়’

প্যারিসের কেন্দ্রস্থলে ছুরি নিয়ে হামলাকারী নিহত আততায়ীর জন্ম রাশিয়ার চেচনিয়ায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 12:46 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

১৯৯৭ সালে সেখানে তার জন্ম হয়েছিল বলে রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ফ্রান্সের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি সূত্র।

শনিবার রাতে ওই আততায়ীর ছুরিকাঘাতে প্যারিসে এক পথচারী নিহত ও অপর চার জন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার আগের আততায়ী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন।

ওই ঘটনার পর হামলাকারীর বাবা ও মাকে ফ্রান্সের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছেন সূত্রটি।

রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা একটি ছবিতে খালি গায়ে কালো ট্রাউজার পরা দাড়িওয়ালা এক তরুণকে দেখা গেছে, যাকে হামলাকারী বলে দাবি করেছে একটি সূত্র।

ফ্রান্সের পুলিশ ইউনিয়নের প্রতিনিধি রোকো কনতেন্তো রয়টার্সকে জানিয়েছেন, পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ছুরি নিয়ে হামলার পর আততায়ী পুলিশের কাছে এসে চিৎকার করে বলতে থাকে, “আমি তোমাদের হত্যা করবো, আমি তোমাদের হত্যা করবো!”

তখন পুলিশ কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করে।