কিলাউয়ায় অগ্ন্যুৎপাত: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে হাওয়াই দ্বীপ
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি দিয়ে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর শক্তিশালী ভূমিকম্পে বিগ আইল্যান্ড বার বার কেঁপে উঠছে।
বিবিসি জানায়, তার মধ্যে একবার ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ১৯৭৫ সালের পর যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্প শুরু হওয়ার পর কিছুক্ষণের জন্য পুরো বিগ আইল্যান্ড বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শুক্রবার মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদগিরণ শুরু হওয়ায় পরপরই সেখানে জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়।
লাভার কারণে অন্তত তিনটি সড়কে ফাটল ধরেছে বলে জানিয়েছে দ্বীপপুঞ্জের সিভিল ডিফেন্স এজেন্সি, বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উদগীরনের মাত্রা ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। মাটি থেকে ১০০ ফুট উপরেও জ্বালামুখ থেকে ছুড়ে দেওয়া লাভার ঝর্ণা দেখা যাচ্ছে।
উদগীরণের কারণে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ এমন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছে সিভিল ডিফেন্স এজেন্সি।
কেউ সেখানে অবস্থান করলে এবং বাতাসের কারণে আক্রান্ত হলে জরুরি বিভাগের কর্মীরা তাকে সহায়তা দিতে পারবে না বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন বিবিসিকে সালফার এবং গাছগাছালি পোড়ার গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে আমেরিকান রেড ক্রসের একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাড়িঘর ছেড়ে আসাদের জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার।
উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হাওয়াই ন্যাশনাল গার্ড কাজ শুরু করেছে বলে জানান গভর্নর ডেভিড আইজিই।
গত সপ্তাহের শুরু থেকেই হাওয়াই কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের ব্যাপারে সতর্ক করে আসছিল।
“আমার পরিবারের সবাই নিরাপদে আছে। এর বাইরে যেসব জিনিস ছিল, তা বদলে নেওয়া যাবে। ১৪ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন জানতাম এমন একদিন আসবেই। যদিও বাস্তবতা এখন আমাকে ভাসিয়ে দিয়েছে,” হাওয়াই নিউজ নাও’কে এমনটাই বলেন দ্বীপটির এক বাসিন্দা।
“আপনি এর শক্তি অনুভব করতে পারবেন। লাভার রং ছিল অবিশ্বাস্য, শব্দও। জোরে বিস্ফোরণের মত শব্দ হয়। আগ্নেয়গিরিটি তার যত শক্তি আছে, তা দিয়ে লাভা ছুড়ে দেয়। এটা আপনি শুনে বুঝতে পারবেন না, এটা অনুভবের বিষয়,” বলেন তিনি।
অগ্ন্যুৎপাতের পর দ্বীপটির অন্তত দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে এবিসিকে জানিয়েছেন হাওয়াইয়ের মেয়র হ্যারি কিম।
চলতি বছরের শুরুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভুল সতর্ক বার্তাও হাওয়াইয়ের অধিবাসীদের আতঙ্কিত করেছিল।
