পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় যাবে না ইরান
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি নিয়ে ইরান আবারো আলোচনায় বসবে না এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ওই চুক্তিতে কোনো পরিবর্তনও মেনে নেবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বৃহস্পতিবার একথা সাফ জানিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক ওই পরমাণু চুক্তির ত্রুটিবিচ্যুতিগুলো ঠিক করার জন্য ইউরোপীয় মিত্রদেশগুলোকে ১২ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর ইরান এ প্রতিক্রিয়া জানাল।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, জার্মানি ও রাশিয়ার সঙ্গে ২০১৫ সালে ওই চুক্তি করেছিল তেহরান।
ট্রাম্প শুরু থেকেই বারাক ওবামা আমলে স্বাক্ষরিত এ চুক্তির কঠোর বিরোধিতা করে আসছেন। ১২ মে-র মধ্যেই এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছেন তিনি। যদিও কিভাবে তিনি সেটি করবেন তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তির ত্রুটিগুলো ইউরোপ সংশোধন না করলে তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করবেন না।
কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে বলেছেন, ইরান কয়েকবছরের পুরোনো ওই চুক্তি নিয়ে ফের আলোচনায় যাবে না। কারণ, চুক্তিটি ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।
ওদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঊর্ধ্বতন উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বৃহস্পতিবার চুক্তিটির কোনোরকম পরিবর্তনের ব্যাপারে ইউরেপকেও সতর্ক করেছেন।
রাষ্ট্রীয় টিভিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের মিত্ররা বিশেষ করে ইউরোপীয়রা যদি চুক্তিটি সংশোধনের চেষ্টা করে... তাহলে ইরান চুক্তি থেকে বেরিয়েও যেতে পারে।”
