২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজের স্বাস্থ্য সনদ নিজেই লিখেছিলেন ট্রাম্প’

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ‘বিস্ময়কর রকম চমৎকার’ বলে যে চিকিৎসা সনদ দেওয়া হয়েছিল, সেটি ট্রাম্প নিজেই লিখেছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 08:48 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

সিএনএন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই দাবি করেছেন ট্রাম্পের সাবেক চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন।

তিনি বলেন, “পুরো সনদ ট্রাম্পের নির্দেশ মতোই লেখা হয়েছে। সেখানে কী কী লেখা যাবে না, আমি শুধু তাকে সেটুকুই বলেছিলাম।”

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের নিরপত্তারক্ষীরা নিউ ইয়র্কে চিকিৎসকের কার্যালয়ে ‘হানা’ দিয়ে ট্রাম্পের চিকিৎসাজনিত সব নথিপত্র (মেডিক্যাল রিপোর্ট) সরিয়ে ফেলে বলেও দাবি করেছেন বোর্নস্টেইন।

ট্রাম্পের চিকিৎসা সনদে “এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যে কোনো ব্যক্তির চেয়ে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যই সবচেয়ে ভাল” কথাটি লেখা ছিল। কিন্তু বোর্নস্টেইন বলেছেন, এ লেখনী তার পেশাদার বিশ্লেষণ ছিল না।

ওই সময় কিছু না বলে চিকিৎসক বোর্নস্টেইন এখন কেন এ অভিযোগ করছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা তিনি দেননি। হোয়াইট হাউজ থেকেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

 ২০১৫ সালের ওই চিকিৎসা প্রতিবেদনে আরো লেখা হয়েছিল, ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তচাপ এবং স্বাস্থ্য পরীক্ষার ফল বিস্মিত করে দেওয়ার মত চমৎকর। একবছরেই তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যান্সারের কোনও লক্ষণ নেই এবং কোনো জয়েন্ট সার্জারি হয়নি।

এ চিকিৎসা সনদ প্রকাশ পাওয়ার কিছুদিন আগে ট্রাম্প বলেছিলেন, বোর্নস্টেইনের মেডিক্যাল রিপোর্টে তার সুস্বাস্থ্যেরই প্রমাণ মিলবে। সে সময় ফেইসবুকেও ট্রাম্প বলেছিলেন, “আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।”

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। গত জানুয়ারিতে তার মানসিক সুস্থতা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তিন ঘণ্টা ধরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এরপর হোয়াইট হাউজে তার চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ট্রাম্পের মস্তিষ্কের কর্মক্ষমতা নিয়ে তার কোনও সংশয় নেই।