সীমান্ত থেকে লাউডস্পিকার সরিয়ে নিচ্ছে দুই কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে গত সপ্তাহে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সীমান্ত থেকে লাউডস্পিকার সরিয়ে নিচ্ছে দু’দেশ।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
এ মাইকগুলো ব্যবহার করে উত্তর ও দক্ষিণ কোরিয়া এতদিন একে অপরের বিরুদ্ধে প্রচার চালিয়ে এসেছে ।
কিন্তু গত শুক্রবার কিম-মুন শীর্ষ বৈঠকের পর এখন মাইক সরিয়ে নেওয়ার এ উদ্যোগ ছোট হলেও দুই কোরিয়ার সম্প্রীতির পথে এটিই প্রথম কোনো বাস্তব পদক্ষেপ।
দক্ষিণ কোরিয়া প্রথম মঙ্গলবার বিকালে তাদের লাগানো লাউডস্পিকারগুলো খুলে নিতে শুরু করেছে বলে জানান এক প্রতিরক্ষা কর্মকর্তা। এরপর উত্তর কোরিয়াও একই কাজ করেছে বলে জানান তিনি।
কয়েক দশক ধরে দুই কোরিয়া ওই স্পিকারগুলো ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়েছে।
দক্ষিণ কোরিয়া এ সমস্ত স্পিকারে সংবাদ এবং পপ সঙ্গীতের মিশ্র প্রচার চালানো ছাড়াও উত্তর কোরিয়ার সমালোচনা করত।
অন্যদিকে, উত্তর কোরিয়াও স্পিকারে করে দক্ষিণ কোরিয়া সরকারের সমালোচনা করত এবং নিজেদের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রশংসা করত।
সীমান্তের পানমুনজম গ্রামে দুই কোরীয় নেতার ঐতিহাসিক বৈঠকের আগে দিয়ে দক্সিণ কোরিয়া লাউডস্পিকারে প্রচার বন্ধ করে। একই পদক্ষেপ নিয়েছিল উত্তর কোরিয়াও।
এখন উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠক নিয়ে জল্পনার মধ্যে কোরিয়া সীমান্ত থেকে লাউডস্পিকারগুলো সরানোর পদক্ষেপ এল। আর তিন/চার সপ্তাহের মধ্যেই এ বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প সোমবারই এক টুইটে বলেছেন, কিমের সঙ্গে তার বৈঠকের জন্য দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় অবস্থিত ‘পিস হাউজ’ই চমৎকার স্থান হবে, যেখানে কিম-মুন বৈঠক করেছিলেন।
