পরমাণু চুক্তি নিয়ে ইরান মিথ্যাচার করেছে: ইসরায়েল
তেহরানের ‘গোপন পারমাণবিক কর্মসূচি’ বিষয়ে গোপন নথি উন্মোচনের দাবি জানিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া চুক্তি নিয়ে ইরান মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার নেতানিয়াহু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সপ্তাহখানেক আগে পাওয়া ইরানের পারমাণবিক কর্মসূচি প্রজেক্ট আমাদ’ সংক্রান্ত একগাদা ‘গোপন নথি’তুলে ধরেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তেল আবিবের এ দাবি ‘ইরান পরমাণু চুক্তি’ থেকে বেরিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বাড়াবে বলে ধারণা পর্যবেক্ষকদের।
ইসরায়েলি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে তিনি বলেন, কখনোই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিল না দাবি করে ইরান এতদিন ‘মিথ্যা কথা’ বলছিল।
“লাখ লাখ গোপন নথি প্রমাণ করছে ওই কর্মসূচি ছিল। দ্বিতীয়ত, চুক্তির পরও ভবিষ্যতে ব্যবহারের জন্য তারা পারমাণবিক জ্ঞান সংরক্ষণ করছে, বাড়িয়েও চলেছে,” বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ইসরায়েলি টেলিভিশনে দেখানো হলেও নেতানিয়াহু ইরানের ‘প্রজেক্ট আমাদ সংক্রান্ত তথ্য উন্মোচনের’ এ অনুষ্ঠানে হিব্রুর ভাষার চেয়ে ইংরেজিতে বেশি কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স। এতে দেশের নাগরিকদের চেয়ে বিদেশি শ্রোতারাই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ উপস্থাপনার মূল লক্ষ্য ছিল, এমন ধারণা হয়েছে বলে মন্তব্য বার্তা সংস্থাটির।
এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকেও দেওয়া হয়েছে জানিয়ে নেতানিয়াহু বলেন, “দূত মারফত তথ্যগুলো ফ্রান্স ও জার্মানির কাছেও পাঠানো হবে।”
এ নিয়ে ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউস পরে ইসরায়েলের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়ার কথা নিশ্চিত করে সেগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, “ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণে ইরানের চেষ্টার বিষয়ে এগুলো নতুন ও জোরালো তথ্য, অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র যা জানে, এগুলো তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ইরানের গোপন কিন্তু জোরালো পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিল এবং তারা এটি বিশ্ব ও নিজের জনগণের কাছ থেকে লুকাতে চেয়েও ব্যর্থ হয়েছে।”
“‘প্রজেক্ট আমাদ’ নিয়ে ইরান যে তার নিজের জনগণের সঙ্গেও মিথ্যাচার করেছে, ইসরায়েলের দেওয়া তথ্যই তা দেখাচ্ছে,” বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে ইসরায়েলের সরবরাহ করা নথিগুলোতে তেহরানের চুক্তির শর্ত লংঘনের কোনো প্রমাণ আছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি তিনি।
“আমি এটা আইনজীবীদের জন্য ছেড়ে দিতে চাই। প্রেসিডেন্টকেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে,” বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পর্যবেক্ষকরা জানিয়েছেন, নেতানিয়াহুর উন্মোচিত তথ্যের বেশিরভাগই ২০১৫-র চুক্তির আগেকার তথ্য। ইরান যে চুক্তির শর্ত লংঘন করছে নথিগুলোতে এমন অকাট্য প্রমাণও নেই। তবে এসব তথ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে চাওয়া ট্রাম্পের উপদেষ্টাদের মতকে শক্তিশালী করতে পারে বলে ধারণা তাদের।
নেতানিয়াহুর বক্তব্যের পর ট্রাম্প ফের ইরান চুক্তির সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এর আগে ১২ মে-র মধ্যে চুক্তি নিয়ে নতুন মধ্যস্থতা শুরু না হলে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন।
ইরান ২০০৩ সালের পর তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রেখেছে বলে ২০০৭ সাল থেকেই ধারণা মার্কিন গোয়েন্দাদের। একই মত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থারও।
পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে ইরান ছয় বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি করে।
বারাক ওবামা প্রশাসনের করা ওই চুক্তির বিরোধীতায় শুরু থেকেই সরব ছিলেন ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের জন্য ‘বাজে চুক্তি’ হিসেবেও অভিহিত করে আসছেন তিনি, যা নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের মতবিরোধও স্পষ্ট।
ইসরায়েলি টেলিভিশনে নেতানিয়াহুর ‘প্রজেক্ট আমাদ’ নিয়ে তথ্য উপস্থাপনের পরও অবস্থান বদলায়নি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
ওয়াশিংটনে ফ্রান্সের রাষ্ট্রদূত গেরাড আরুদ টুইটে বলেছেন, “ইরানের চালানো অতীত পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তথ্যই বর্তমান চুক্তির প্রয়োজনীয়তাকে ইঙ্গিত করে, বিরোধীতাকে নয়।”
জার্মান সরকারের এক মুখপাত্র জানান, চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বতন্ত্র পরিদর্শন অব্যাহত রাখা জরুরি।
চুক্তির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য সরকারও।
ইরান যে চুক্তির শর্ত লংঘন করেছে, নেতানিয়াহুর বক্তব্যে তার প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের দুই গোয়েন্দা কর্মকর্তাও।
“নতুন বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই যে ইরান চুক্তি লংঘন করেছে, (ইসরায়েলি) প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য কিংবা অন্যান্য সূত্র থেকেও আমরা এমন কিছু পাইনি,” বলেছেন তাদের একজন।
ইসরায়েলের এ অভিযোগ উড়িয়ে দিয়ে নেতানিয়াহুর ‘উন্মোচিত’ তথ্যগুলোকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছে ইরান।
তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ, এটি শুরু থেকেই বলে আসছে ইরান। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে তেহরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে বলেও হুমকি দিয়ে রেখেছে দেশটি।
মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে ইসরায়েলকেই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয়। যদিও তেল আবিব কখনোই এ বিষয়টি স্বীকার বা অস্বীকার, কোনোটিই করে নি।
