২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাব, সতর্কতা জারি

লন্ডনে বিষাক্ত এক ধরনের শুঁয়োপোকার প্রাদুর্ভাব ঘটেছে, এদের কারণে হাঁপানি, বমি ও চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 10:13 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

ওক প্রশেসনারি মথ (ওপিএম) নামের লার্ভা পর্যায়ের এই শুঁয়োপোকা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডজুড়ে ও লন্ডনে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের ফরেস্ট্রি কমিশন জানিয়েছে, শুঁয়োপোকার লোমের কারণে জ্বর এবং চোখ ও গলায় চুলকানি হতে পারে।

এই মথটিকে স্পর্শ না করার সতর্কতা জারি করেছে সংস্থাটি।

কিংস্টন থেকে ব্রেন্ট পর্যন্ত বৃহত্তর লন্ডনেই এই মথটির সবচেয়ে বেশি উপদ্রব রেকর্ড করা হয়েছে। পাশপাশি ব্র্যাকনেল ফরেস্ট, স্লাউ ও গিলফোর্ডেও কিছু উপদ্রব চিহ্নিত করা হয়েছে।

ওপিএম শুঁয়োপোকাদের মধ্য এপ্রিলে ডিম থেকে বের হয়ে আসতে দেখা গেছে, এরপর ২৩ এপ্রিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির ফরেস্ট্রি কমিশন। কিন্তু শুঁয়োপোকাগুলো আকারে বেশি বড় হওয়ায় তাদের ব্যবহৃত ওষুধে কাজ হয়নি বলে জানিয়েছেন কমিশনের এক মুখপাত্র।

এই শুঁয়োপোকার শরীরে অন্তত ৬২ হাজার লোম আছে এবং তারা এগুলো ছুড়ে মারতে পারে। নিচে পড়ে থাকা লোম থেকেও যে কেউ আক্রান্ত হতে পারে এবং এগুলো প্রায় পাঁচ বছর সক্রিয় থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

একটি ল্যান্ডস্কেপ প্রজেক্টের জন্য ইউরোপ থেকে আমদানি করা গাছের সঙ্গে ওক গাছের এই শুঁয়োপোকাগুলো যুক্তরাজ্যে এসেছিল বলে মনে করা হয়।