২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া সম্মেলন ঘিরে ঠাণ্ডা নুডলস কেনার হিড়িক

দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠক ঘিরে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে তারই প্রতিফলন ঘটেছে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জনপ্রিয় খাবার ঠাণ্ডা নুডলস উন্মাদনার মধ্য দিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 10:51 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

উষ্ণ ও আন্তরিক পরিবেশে দুই কোরীয় নেতার শীর্ষ বৈঠক উপলক্ষে দক্ষিণ কোরীয়দের মধ্যে এ নুডলস কেনার হিড়িক পড়ে গেছে। দোকানগুলোতে দেখা যাচ্ছে লম্বা লাইন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইন দুইজনেরই রাতের খাবারের মেন্যুতে রাখা হয় এই ঠান্ডা নুডলস।

কোরিয়ার গণমাধ্যমগুলো শুক্রবার সকাল থেকেই বৈঠকের খবর সম্প্রচার করতে শুরু করে।

দুই নেতার বৈঠকস্থলে রাওনা হওয়া, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ তাদের বৈঠক এবং ভোজন তালিকায় থাকা খাবারের তালিকা নিয়েও খবর প্রচারিত হয়েছে গুরুত্বের সঙ্গে।

ঠান্ডা নুডলসের জনপ্রিয়তা নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিমের রসিকতায় দক্ষিণ কোরীয়দের মধ্যে সাড়া পড়ে গেছে। সবাই এখন চাইছে এ নুডলস চেখে দেখতে।

দক্ষিণ কোরিয়ার মুনের জন্য পিয়ংইয়ংয়ের বিখ্যাত এ নুডলস কিভাবে নিয়ে এলেন সে কথাটিই বলেছিলেন কিম।

গণমাধ্যমের খবর অনুযায়ী, কিম বলেছিলেন, “আমি সংবাদ প্রতিবেদনগুলো দেখছিলাম। মানুষজন খাবার নিয়ে অনেক কথা বলছিল। কাজেই, আমি পিয়ংইয়ংয়ের কিছু কোল্ড নুডলস প্রেসিডেন্ট মুন জে-ইনকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি।”

“নুডলসগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে... তবে এখন এটাকে হয়ত আর দীর্ঘ পথ বলা যায় না” বলেও কিম রসিকতা করেন।

দুই নেতার ভোজপর্বের খাবার শুধু দুই কোরিয়ার কূটনীতিতে ইতিবাচক ছাপই ফেলেনি বরং কিমের মন্তব্য দক্ষিণ কোরীয়দের উদ্দীপ্ত করেছে।

দক্ষিণ কোরিয়ায় ওই নুডলসের দোকানগুলোতে যে কেবল মানুষ উপচে পড়েছে তাই নয়; সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়ংইয়ং কোল্ড নুডলসের ‘পিয়ংইয়াং নায়েংমিউন’ নামটি দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনকে ছাপিয়ে বেশি মাত্রায় চাউর হয়েছে।

অনেকেই বিষয়টি নিয়ে টুইট করছেন। এমনই একটি  টুইটে একজনের মন্তব্য, কিম জং উন ‘কোল্ড নুডলস’ নিয়ে রসিকতা করলেন। আর দক্ষিণ কোরীয়রা নুডলস প্রবণ হয়ে পড়ল। বৈঠককে ছাপিয়ে গেল নুডলস উন্মাদনা।

শুধু যে অনলাইনে নুডলস ম্যানিয়া দেখা যাচ্ছে তাই নয়। দক্ষিণ কোরীয়রা নুডলসটি খেতে বিভিন্ন রেস্তোঁরায় ভিড় জমাচ্ছে।

খাবারটি খেয়েছেন এমনই একজন ইন্সটাগ্রামে একটি সেলফি শেয়ার করে জানিয়েছেন, “দুই কোরিয়ার শীর্ষ বৈঠক উদযাপন করতে আমি দুপুরের খাবারে কোল্ড নুডলস খেয়েছি।”

বিবিসি কোরিয়ান নিউজে তিনি বলেন, “আমি রেস্তোঁরায় গিয়ে দেখি লম্বা লাইন। সেখানে বসার কোনো জায়গাই ছিল না। ফলে আমাকে নুডলস খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। আমার মনে হয় প্রত্যেকেই একই কারণে রেস্তোঁরায় এসেছে।”

সিউলের পূর্বাঞ্চলের একটি পিয়ংইয়ং কোল্ড নুডলস রেস্তোঁরার উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, রেস্তোঁরাটিতে এত খদ্দের নুডলসের জন্য এসেছে যে, সেখানে পার্কিয়ের আর কোনো জায়গা নেই।

সিউলের আরেকটি রেস্তোঁরার কথা জানিয়ে ইয়োনহাপ বলেছে, সেখানে লাইনে থাকা মানুষদের মধ্যে যখনই যাকে নুডলসের জন্য ডাকা হচ্ছে সে-ই আনন্দে চিৎকার করে উঠছে। বলছে, “বাহ! চল আমরাও কিম জং-উনের সঙ্গে ‘পিয়ংইয়াং নায়েংমিউন’ খেয়ে দেখি।”