২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভাষণে জাতীয়তাবাদের সমালোচনায় ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতার নীতির নিন্দা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 12:15 AM

Updated : 08 Apr 2022, 06:17 PM

এ ধরনের নীতি বিশ্বে সমৃদ্ধির জন্য হুমকি বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘আমেরিকা সর্বাগ্রে’ নীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ আছে।

ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রই বহুপাক্ষিকতার দ্বার খুলেছে। এখন বিশ্বে একবিংশ শতাব্দীর নতুন ধারা সৃষ্টি করতে তাদের আবার একে নতুন করে উপস্থাপন করা প্রয়োজন।

ভাষণে স্বাধীনতা, সহনশীলতা এবং সমান অধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যে গড়ে ওঠা ‘অটুট বন্ধনের’ও প্রশংসা করেন ম্যাক্রোঁ।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ম্যাক্রোঁর সম্পর্কও সুদৃঢ়। তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ‍যুক্তরাষ্ট্রে গেছেন। বুধবারই এ সফর শেষ হওয়ার কথা।

কিন্তু কংগ্রেসে সফরের সমাপণী ভাষণে ম্যাক্রোঁ যেসব কথা বলেছেন তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই তার মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

ম্যাক্রোঁ বলেছেন, “আমরা জাতীয়তাবাদ, বিচ্ছিন্নতার পথ বেছে নিতে পারি... কিন্তু তাতে আমাদের নাগরিকদের শঙ্কাই কেবল আরো বাড়বে।”

“বিচ্ছিন্নতা, দূরে সরে থাকা, জাতীয়তাবাদ সাময়িকভাবে আমাদের শঙ্কা নিরসনের একটি পথ হতে পারে। কিন্তু বিশ্বের দরজা বন্ধ করে দিয়ে এর বিবর্তনকে রুখে দেওয়া যায় না। আর সে কারণেই এতে করে আমাদের নাগরিকদের শঙ্কা না কমে বরং তা আরো বাড়বে।”

এ বিষয়টি ছাড়াও জলবায়ু, ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি এবং বাণিজ্য নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।