২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরেন্টোয় ভ্যান হামলাকারী অ্যালেক মিনাসিয়ান অভিযুক্ত

কানাডার টরেন্টোয় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক যুবক অ্যালেক মিনাসিয়ানের বিরুদ্ধে ১০ টি খুন এবং ১৩ টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 09:44 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

পুরনো খবর:

টরোন্টোর ভিড়ে গাড়ি চালিয়ে ১০ জনকে হত্যা

মঙ্গলবার সকালে মিনাসিয়ানকে আদালতে হাজির করা হয়। তার পরনে ছিল সাদা জাম্পস্যুট, মাথা ছিল কামানো, হাত পিছমোড়া করা। তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায়নি।

আদালতে তাকে অভিযোগগুলো পড়ে শোনানো হয়। ১০ মে তাকে আবারো আদালতে হাজির করা হবে।

কানাডার টরোন্টোতে দুপুরের ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপর ভ্যান হামলায় ১০ জন নিহত হয়। সোমবার দুপুরে এ হামলায় আহত হয় আরও অন্তত ১৫ জন।

এ ঘটনার পর কয়েক স্ট্রিট দূরে অ্যালেক মিনাসিয়ানকে পুলিশ গ্রেপ্তার করে। ২৫ বছরের এ যুবককে কর্তৃপক্ষ আগে থেকে চিনত না বলে পুলিশ জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হামলাটি ইচ্ছাকৃত মনে হচ্ছে। কিন্তু এর উদ্দেশ্য এখনো জানা যায়নি।

মিনাসিয়ানের বিস্তারিত তথ্য প্রকাশ না করে পুলিশ জানিয়েছে, অ্যালেক টরেন্টোর উত্তরাঞ্চলে রিচমন্ড হিল এলাকার বাসিন্দা। পুলিশের কাছে তার আগের কোনো অপরাধের রেকর্ড নেই।

টরোন্টোর পুলিশ বিভাগের প্রধান মার্ক সন্ডার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার ধরন দেখে তারা নিশ্চিত যে, পথচারীদের ওপর ভ্যান তুলে দেওয়া হয়েছিল ‘ইচ্ছাকৃতভাবে।’

তবে কানাডার জননিরাপত্তামন্ত্রী রাল্ফ গোদাল বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই বলেই মনে করছেন তিনি।

কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অ্যালেক কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত নন।

অ্যালেকের সাবেক এক সহপাঠী বলেছেন, “সে সহিংস ছিল না।  সে (অ্যালেক) খুব একটা সামাজিক না হলেও যতটুকু মনে পড়ে সে কারো জন্য অনিষ্টকরও ছিল না।”

ফেইসবুক মিনাসিয়ানের একাউন্ট মুছে দিয়েছে। তবে তার ফেইসবুক পোস্টের একটি কপি দেখা গেছে। সোমবার হামলার আগেই পোস্টটি দেওয়া।

বিবিসি’কে এ পোস্টের সত্যতা নিশ্চিত করেছে ফেইসবুক। এতে এলিয়ট রজার নামে ২২ বছর বয়সী এক যুবকের প্রসংশা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এ যুবক ২০১৪ সালে গাড়িচাপায় ৬ জনকে হত্যা করে।

কানাডার সশস্ত্র বাহিনী (সিএএফ) নিশ্চিত করে জানিয়েছে, মিনাসিয়ান ২০১৭ সালে ২ মাসের জন্য তাদের সদস্য ছিলেন। তবে তিনি নিয়োগ প্রশিক্ষণ শেষ করেননি। ১৬ দিনের প্রশিক্ষণের পর স্বেচ্ছায় সিএএফ ছেড়ে যেতে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মিনাসিয়ান।