সিরিয়া আক্রমণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আবশ্যক ছিল: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ায় দ্রুত এবং কার্যকর অভিযান চালানোর কথা বিবেচনা করে ব্রিটিশ সরকার পার্লামেন্টের অনুমতি ছাড়াই সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন একথা বলেছেন।
বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি সিরীয় শহরে রাসায়নিক হামলার জবাব দিতে গত শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার কয়েকটি সরকারি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়াকে দায়ী করে।
পার্লামেন্টের অনুমতি না নিয়ে সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেওয়ায় স্পষ্ট আপত্তি জানান যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরমি করবিন।
তিনি বলেন, সিরিয়া অভিযানে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে আলোচনা ও ভোটাভুটি প্রয়োজন ছিল।
“প্রধানমন্ত্রীর টেরিজা মে’র উচিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ না করে পার্লামেন্টের অনুমতি নেওয়া।”
সিরিয়ায় অভিযানের আগে কেন পার্লামেন্টের অনুমতি নেওয়া হয়নি তার ব্যাখ্যায় সিএনএন টেলিভিশনে জনসন বলেন, “নিশ্চিতভাবেই ব্রিটিশ সেনাদের নিরাপত্তা আমাদের প্রধান বিবেচ্য বিষয় এবং সেইসঙ্গে অবশ্যই অভিযান দ্রুত ও কার্যকর করার বিষয়টি নিশ্চিত করতে হত। তাছাড়া, এরকম পরিস্থিতিতে এভাবে সিদ্ধান্ত নেওয়ার নজিরও অনেক আছে।”
