সৌদি আরবে এরামকোর স্থাপনায় হুথিদের ‘ড্রোন হামলা’
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি এরামকোর দক্ষিণাঞ্চলীয় একটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী।
বুধবার গোষ্ঠীটির পরিচালিত টেলিভিশন আল মাসিরাহ চ্যানেলের টুইটার একাউন্টে দাবিটি জানানো হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এতে বলা হয়েছে, “জিজানে এরামকোর ওপর কাসিফ-১ এয়ারক্রাফট দিয়ে বিমান হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে বিমান বাহিনী।”
কাসিফ-১ হুথিদের ঘোষিত ড্রোন বলে জানিয়েছে রয়টার্স।
হুথিদের এই দাবির পর এক বিবৃতিতে সৌদি এরামকো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজানে তাদের স্থাপনাগুলোর কার্যক্রম ‘স্বাভাবিকভাবে ও নিরাপদে’ চলছে।
এরামকোর বিবৃতিতে হুথিদের দাবিকৃত ড্রোন হামলার বিষয়ে কোনো কিছু বলা হয়নি।
