ট্রাম্পের আইনজীবীর বাসা-অফিসে এফবিআইয়ের তল্লাশি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইজনীবী মাইকেল কোহেনের বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
সোমবারের এ অভিযান ট্রাম্প সহযোগীদের নিয়ে তদন্তে নতুন মোড় এনে দিতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রদের।
স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের দপ্তরের চাওয়াতেই ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) কোহেনের বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়েছে বলে তার আইনজীবী স্টিফেন এম রায়ানের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছেন মুলার। এ তদন্তকে ‘ডাইনী শিকার’ অ্যাখ্যা দিয়ে মস্কোর সঙ্গে কোনো ধরণের আঁতাতের অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
দীর্ঘদিনের আইনজীবী কোহেনের বাসা ও অফিসে এফবিআইয়ের এ অভিযান ট্রাম্পের ওপর আইনী চাপ আরও বাড়াতে পারে। এটি মুলারের ওয়াশিংটনভিত্তিক তদন্তের পাশাপাশি তদন্তের দ্বিতীয় আরেকটি কেন্দ্র ম্যানহাটন হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে।
নিউ ইয়র্ক পোস্ট প্রথম থার্টি রকফেলার প্লাজার ২৩ তলায় ল ফার্ম ‘স্কুয়ার প্যাটন বোগসের’ কার্যালয়ে এফবিআইয়ের অভিযানের কথা জানায়, এখানে কোহেনের একটি অফিস আছে।
তদন্ত সংস্থার কর্মকর্তারা সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই কার্যালয়ে যান এবং কয়েকঘণ্টা অভিযান চালান বলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, আগে থেকে না জানিয়েই ওই অভিযান পরিচালিত হয়েছে।
অজ্ঞাত আরেক ব্যক্তির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউর লুইস রিজেন্সি হোটেলের একটি কক্ষেও এফবিআইএ-র অভিযানের কথা জানানো হয়। নিজের অ্যাপার্টমেন্টে সংস্কার কাজ চলার সময় কোহেন এখানেই থাকছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় মার্কিন পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার একটি অভিযোগ নিয়ে বিতর্কের মুখে আছেন কোহেন।
২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি চেপে যেতেই কোহেন তাকে ওই অর্থ দিয়েছিলেন বলে দাবি ডেনিয়েলসের।
কোহেনের ভাষ্য, ব্যক্তিগত হোম ইকুইটি ঋণের সূত্রে ওই টাকা ডেনিয়েলসকে দেওয়া হয়েছিল, যার আসল নাম স্টেফানি ক্লিফোর্ড।
গত সপ্তাহে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ক্লিফোর্ডকে দেওয়ার কোহেনের অর্থের বিষয়ে তিনি কিছু জানেন না।
পর্ন তারকার সঙ্গে এই লেনদেনে আইনের অপব্যবহার হয়েছে কিনা তার পাশাপাশি তদন্ত কর্মকর্তারা ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির সম্ভাব্যতা নিয়েও অনুসন্ধান চালাচ্ছেন।
ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ আঁতাতের যোগ আছে এমন অন্যান্য বিষয়েও কোহেনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলেও তদন্ত সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের দাতব্য সংস্থায় ইউক্রেইনের বিলিয়নেয়ার ভিক্টর পিনচুকের দেওয়া দেড় লাখ ডলার অনুদান বিষয়েও অনুসন্ধান চালাচ্ছেন মুলার।
ওই বছরের জুনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছিলেন ট্রাম্প।
কিয়েভের একটি সম্মেলনে ট্রাম্পের ২০ মিনিটের ভিডিও উপস্থিতির জন্য ওই অর্থ দেওয়া হয়েছিল; কোহেন-ই অনুদানের জন্য পিনচুককে অনুরোধ করেছিলেন বলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সোমবারের অভিযানের সঙ্গে এর কোনো যোগ আছে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।
২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড জুনিয়র ও জারেড কুশনারের সঙ্গে একদল রাশিয়ানের বৈঠক ঘিরে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন্স সেক্রেটারি হোপ হিকসের সঙ্গে কোহেনের কোনো ইমেইল চালাচালি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে এফবিআই ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস।
রাশিয়ানরা ওই বৈঠকে ট্রাম্প শিবিরকে তাদের প্রতিদ্বন্দ্বী হিলারি সম্পর্কে ‘ধ্বংসাত্মক তথ্য’ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল বলে গত বছর ট্রাম্প জুনিয়রের পোস্ট করা ইমেইলগুলোতে দেখা গেছে।
বাসা ও কার্যালয়ে তদন্ত সংস্থার অভিযান নিয়ে কোহেনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স। মুলারের মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ব্যক্তিগত আইনজীবীর কার্যালয়ে এফবিআইএ-র অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
“মর্যাদাহানিকর পরিস্থিতি। এটা পুরোপুরিই ডাইনী অনুসন্ধান। দীর্ঘদিন ধরে আমি এটিই বলে আসছি,” সিরিয়া নিয়ে সামরিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে বলেন ট্রাম্প।
এ ঘটনার কারণে মুলারকে বরখাস্ত করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, “যা চলছে তাকে অমর্যাদাকরই মনে হচ্ছে, দেখা যাক কি হয়।”
মুলারকে বরখাস্তের এখতিয়ার ট্রাম্পের নেই বলে জানিয়েছে রয়টার্স; তবে তিনি চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনকে এ তদন্ত বন্ধের নির্দেশ দিতে পারেন।
রোজেনস্টাইন-ই স্পেশাল কাউন্সেলের তদন্তের দেখভালের দায়িত্বে। নির্দেশ না মানলে ট্রাম্প ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের ক্ষমতা রাখেন।
যদিও মুলারের তদন্তে হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন ডেমোক্রেট সিনেটর চাক শুমার।
টুইটারে তিনি বলেছেন, কোহেনের বাসা ও কার্যালয়ে অভিযানের সূত্র ধরে বা অন্য কোনো উপায়ে ট্রাম্প যদি স্পেশাল কাউন্সেলের তদন্তে বাদ সাধেন, ডেমোক্রেটরা তা মেনে নেবে না।
