২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমানঘাঁটিতে হামলা: ইসরায়েলের দিকে অভিযোগের তির

ইসরায়েলের জঙ্গিবিমান থেকে তিয়াস বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ সিরিয়া ও রাশিয়ার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 06:22 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

সিরিয়ার সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ, নিহত ৭০
সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা: নিহত ৫

বিবিসি জানায়, সোমবার সিরিয়ার হোমস নগরীর নিকটবর্তী সামরিক বিমানঘাঁটি তিয়াসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানঘাঁটিটি ‘টি৪’ নামেও পরিচিত।

শুরুতে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র হামলার অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্সও এ হামলা চালায়নি বলে জানায় দেশটির কর্মকর্তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দুইটি এফ-১৫ জঙ্গি বিমান লেবাননের আকাশসীমা দিয়ে উড়ে এসে সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

“আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তার মধ্যে সিরিয়া পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয়।”

ইন্টারফ্যাক্সের প্রতিবেদন প্রকাশের পর সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা থেকেও প্রায় একই খবর দেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

অতীতে ইসরায়েল বেশ কয়েকবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। তবে তিয়াস বিমানঘাঁটিতে হামলার বিষয়ে এখনও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত বছর সিরিয়ার ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক হামলার পর যুদ্ধজাহাজ থেকে হোমস প্রদেশের শায়রাত বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় ছয় জন নিহত এবং পুরো বিমানঘাঁটিটি ধ্বংস হয়ে গিয়েছিল।

রাসায়নিক হামলার জবাব দিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন বলে তখন বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবারও সিরিয়ার পূর্ব গৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে। সেখানে অন্তত ৭০ জন শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছে উদ্ধার ও চিকিৎসা কাছে নিয়োজিত কয়েকটি দাতব্য সংস্থা।

দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ উঠার পর রোববার একাধিক টুইটে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘পশু’ বলেন এবং এ কাণ্ডের জন্য ‘চরম মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ার করেছিলেন। ফ্রান্সও একই হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।

সিরিয়া এবং রাশিয়া শুরু থেকেই দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, হামলার পেছনে আসাদের নাম আসা ‘উস্কানিমূলক’।