২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা: নিহত ৫

হোমস নগরীর কাছে সিরিয়ার সরকারি বাহিনীর একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2017, 02:50 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

লেবানন ভিত্তিক টেলিভিশন স্টেশন আল-মায়াদ্বীনকে হোমসের গভর্নর তালাল বারাজি আরও বলেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা খুব একটা বড়াবে না বলেই তিনি আশা করছেন।

“আমার বিশ্বাস-ঈশ্বরের ইচ্ছায় এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণের ক্ষতি তেমন বড় হবে না। তবে সেখানে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।”

যদিও সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়জন নিহত এবং বহু হতাহত হওয়ার কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে গভর্নর বারাজি বলেন, ওই বিমানঘাঁটি থেকে পালমিরার পূর্বদিকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরীয় বাহিনীর অভিযানে বিমানহামলার মাধ্যমে সহায়তা করা হত।

তার আগে আল-মায়াদ্বীনকে তিনি বলেছিলেন, বিমানঘাঁটির কাছের একটি গ্রামের বাসিন্দারা হামলায় হতাহত হয়েছেন। এ বিষয়ে আর কিছু বলেননি তিনি।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটর্স এর পক্ষ থেকে বলা হয়, হামলায় একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ সিরিয়ার চারজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বারাজি বলেন, “(এ হামলায়) সিরিয়ার নেতৃত্ব বা সিরিয়ার নীতিকে কোনো পরিবর্তন আসবে না।”

“এরকম হামলা এটাই প্রথম নয়, এটাই শেষ নয় বলেও আমার বিশ্বাস। সন্ত্রাসের বিরুদ্ধে লাড়াই অব্যাহত থাকবে।”

ইদলিব প্রদেশে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা খান শেইখৌন শহরে সিরিয়ার সেনাবাহিনীর ‘রাসায়নিক হামলার’ জবাবে তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সকালে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখৌনে চালানো ওই রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ৭২ জন নিহত হন, এদের মধ্যে বহু শিশু রয়েছে।

পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ৫০টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তবে হামলার আগে তারা ওই বিমানঘাঁটিতে থাকা রুশ সেনাদের সরে যেতে বলেছেন বলে এক বিবৃতিতে জানান পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস।

রাষ্ট্রীয় টেলিভিশনে টেলিফোন সাক্ষাৎকারে বারাজি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র হামলা সশস্ত্র সন্ত্রাসী ও ইসলামিক স্টেটের উদ্দেশ্য বাস্তবায়নে সাহায্য করবে।”