ফ্রান্সে পার্লামেন্টের আসন সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর পরিকল্পনা
সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ফ্রান্স সরকার দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা ঘোষণা করেছে।
বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ পরিবর্তন বিষয়ে ফরাসি প্রধানমন্ত্রী এদ্যুয়া ফিলিপ ও বিরোধীদল নিয়ন্ত্রিত সিনেট একমত হয়েছে।
আসন সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে আনার পাশাপাশি পার্লামেন্টের ১৫ শতাংশ সদস্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন ফিলিপ।
বলেছেন, “রাজনৈতিক ও পার্লামেন্টারি জীবনে গভীর সংস্কার সাধন করে এই বিলগুলো দায়িত্ব, প্রতিনিধিত্বশীলতা ও দক্ষতার উদ্দীপনা তৈরিতে অবদান রাখবে।”
বিবিসি বলছে, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই দেশটির সরকার এ সংস্কারের পথে হাঁটছে।
নতুন এ পরিকল্পনা কার্যকর হতে পার্লামেন্টের দুই কক্ষেরই সম্মতি লাগবে। দেশটির নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন মোট ৫৭৭টি আসন আছে, উচ্চকক্ষ সিনেটে আছে ৩৪৮টি।
ছোট দলগুলোর অভিযোগ, বর্তমান নির্বাচন পদ্ধতিতে তাদেরকে কোনঠাসা থাকতে হয়। গত বছরের নির্বাচনে ১৩ শতাংশ ভোট পেয়েও কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট নিম্নকক্ষে মাত্র আটটি আসন নিশ্চিত করতে পেরেছিল।
ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টের আসন সংস্কার বিষয়ে বিস্তৃত পরিকল্পনার কথা জানাচ্ছেন, তখনও সরকারের শ্রম আইন পরিবর্তনের একটি পরিকল্পনার বিরুদ্ধে রেল শ্রমিকদের দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছিল।
ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এসএনসিএফ-এর কর্মীদের নেতৃত্বে শুরু হওয়া এ ধর্মঘটকে গত বছরের মে মাসে নির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান আইনে এসএনসিএফের কর্মীদের স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি, আগেভাগে অবসরে যাওয়াসহ বছরে ২৮ দিনের সবেতন ছুটির সুযোগ পেতেন। স্থায়ী চাকুরিরতদের বরখাস্তের নিয়ম ছিল না; কর্মীদের নিকটাত্মীয়দের জন্য বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ ছিল।
ম্যাক্রোঁর সংস্কার প্রস্তাবে শ্রমিকদের এসব সুযোগ-সুবিধা কমবে।
ঋণ জর্জরিত রেল খাতকে ঢেলে সাজানোর জন্য সরকার এ পরিকল্পনার কথা বললেও শ্রমিকদের অভিযোগ, আইন সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় খাতগুলোকে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে।
