২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিক বহিষ্কারের হিড়িক: যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের চাপে পড়েই বিশ্বের দেশে দেশে রুশ কূটনীতিক বহিষ্কারের হিড়িক পড়েছে বলে অভিযোগ রাশিয়ায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 09:13 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

যুক্তরাজ্যে বসবাস করা সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার জেরে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেন। এর পরপরই নেটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত বহু দেশ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, যুক্তরাষ্ট্র সবাইকে ‘ব্ল্যাকমেইল’ করছে। কারণ তিনি বলেন, ইউরোপে খুব কম দেশই এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

রাশিয়া নিশ্চিতভাবেই এ ঔদ্ধত্য মেনে নেবে না বলেও হুমকি দেন তিনি।

এখন পর্যন্ত ২৫টি দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ আয়ারল্যান্ড সরকার তাদের দেশ থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

এর আগে অস্ট্রেলিয়া ‘ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তা’ সন্দেহে দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

গত ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়।

পরীক্ষায় তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। যেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট (উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক) হিসাবে বিবেচিত।

যুক্তরাজ্যের অভিযোগ, রাশিয়া সরকারের নির্দেশেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়।

যুক্তরাষ্ট্র ওই সময় যুক্তরাজ্যের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানায়। পরে ইইউও যুক্তরাজ্যের পাশে দাঁড়ায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে তার দেশে নার্ভ এজেন্ট ব্যবহারের ‘ধৃষ্টতা দেখানোর’ ব্যাখ্যা দিতে রাশিয়াকে গত ১৩ মার্চ মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

ওই সময়ের মধ্যে জবাব না দিয়ে রাশিয়া উল্টো যুক্তরাজ্যের দিকেই অভিযোগের আঙুল তোলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের ঘটনা এটিই প্রথম।