‘শিগগিরই ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করবে রাশিয়া’
যুক্তরাজ্যের ২৩ রুশ কূটনীতিক বহিস্কারের পাল্টা জবাবে রাশিয়া শিগগিরিই ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা জানিয়েছেন।
রাশিয়ার গণমাধ্যমে তিনি বলেন, বহিষ্কারের এ পদক্ষেপ ‘নিশ্চয়ই’ নেওয়া হবে।
কূটনীতিক কখন বহিষ্কার করা হবে- এ প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, “শিগগিরই, আমি হলফ করে বলছি”।
যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট কিভাবে ব্যবহৃত হল সে ব্যাখ্যা রাশিয়া মঙ্গলবারের মধ্যে না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বুধবার ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন।
রাশিয়া গুপ্তচর হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মে’র অভিযোগকে ‘পাগলামি’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। যুক্তরাজ্য কাণ্ডজ্ঞানহীন কাজ করছে এবং প্রমাণ ছাড়া অভিযোগ করছে বলে রাশিয়া বর্ণনা করেছে।
গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়।
পক্ষত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল যুক্তরাজ্যে বসাবাস করছেন। মেডিক্যাল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়েকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। যেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট (উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক) হিসাবে বিবেচিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলছেন, সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার কারণে রাশিয়াই ওই কাজ করে থাকার সম্ভাবনা “খুব বেশি।”
যুক্তরাজ্যে এ নার্ভ এজেন্ট ব্যবহারের ধৃষ্টতা দেখানোর ব্যাখ্যা দিতেই রাশিয়াকে গতমঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তখন জানিয়েছিলেন, রাসায়নিক অস্ত্র কনভেনশনের আওতায় যুক্তরাজ্য আনুষ্ঠানিক অনুরোধ জানালে তবেই মস্কো এ ব্যাপারে সহযোগিতা করবে। ওই কনভেনশন অনুযায়ী, জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা দেওয়া আছে।
কিন্তু যুক্তরাজ্য তাদের বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার মধ্যরাত পেরোনোর পরপরই রুশ কূটনীতিক বহিস্কারের ঘোষণা দেয়।
