জাতিসংঘে ‘বেপরোয়া’ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ
রাশিয়া তাদের পক্ষত্যাগী গুপ্তচরকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জাতিসংঘের মানবাধিকার পরিষদে অভিযোগ করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যে বসবাস করা সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) গত ৪ মার্চ সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
পরীক্ষার পর জানা যায়, নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট ব্যবহারে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। যেগুলো সব মারাত্মক নার্ভ এজেন্ট হিসাবে বিবেচিত।
বুধবার জেনেভায় মানবাধিকার পরিষদের সভায় ব্রিটিশ রাষ্ট্রদূত জুলিয়ান ব্রাইথওয়াইট বলেন, “আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং সাধারণ পরিষদ রাশিয়ার নিন্দা জানাচ্ছে। তাদের এরকম বেপরোয়া আচরণ আন্তর্জাতিক আইনের রক্ষায় পরিচালিত সব সংস্থাকে অপমান করার সামিল।”
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে তার দেশে নার্ভ এজেন্ট ব্যবহারের ধৃষ্টতা দেখানোর ব্যাখ্যা দিতে রাশিয়াকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। হত্যাচেষ্টার ঘটনায় সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট কিভাবে ব্যবহৃত হল সে ব্যাখ্যাই দাবি করেছিলেন তিনি।
মে বলেন, “সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার কারণে রাশিয়াই ওই কাজ করে থাকার সম্ভাবনা খুব বেশি।”
যুক্তরাজ্য সরকার ঘটনাটি নিয়ে যে সিদ্ধান্তে পৌঁছেছে তা জানিয়ে তিনি বলেন, “হয় রাশিয়া স্ক্রিপালকে হত্যার চেষ্টা করেছিল অথবা ওই নার্ভ এজেন্টের ব্যবহার আর তাদের নিয়ন্ত্রণে নেই।”
রাশিয়া এ ঘটনায় তাদের হাত নেই বলে দাবি করে আসছে। রুশ কর্মকর্তারা বলেছেন, (হত্যাচেষ্টায় ব্যবহার হওয়া) নার্ভ এজেন্টের নমুনা হাতে না পাওয়া পর্যন্ত তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর আল্টিমেটামের জবাব দেবে না।
