২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহী নিহত

সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 08:35 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায়।

মন্ত্রণালয় থেকে বলা হয়, সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়ার কাছে মাইমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এএন-২৬ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

“মস্কো সময় বেলা ৩টায় (জিএমটি ১২)  রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ২৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা করছে রাশিয়া।

মাইমিম বিমান ঘাঁটি থেকেই মূলত রুশ জঙ্গিবিমানগুলো বিদ্রোহীর উপর হামলা চালায়।