২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের শুল্কারোপ পরিকল্পনা: বাণিজ্য যুদ্ধের ঝুঁকিতে বিশ্ব

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করে এশিয়াসহ বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধ উস্কে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 08:44 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

বৃহস্পতিবার হঠাৎ করে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের বেশির ভাগ দেশই কশাঘাতে জর্জরিত হয়েছে।

আগামী সপ্তাহেই ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। এক টুইটে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে উল্লেখ করে ট্রাম্প এ শুল্ক আরোপের ঘোষণা দেন।

তার এ সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধ শুরুর ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বাণিজ্য অংশীদাররা।

কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে। এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে ইস্পাত সরবরাহকারী মেক্সিকো, চীন এবং ব্রাজিলও বলেছে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভেবে দেখছে।

ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এ ক্ষোভ এবং বিতর্কের মধ্যেই আবার শুক্রবার নতুন এক টুইটে তিনি ‘বাণিজ্য যুদ্ধ ভাল’ বলে মন্তব্য করে বিশ্বে বিশৃঙ্খলার আশঙ্কা অরেক দফা বাড়িয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ‍শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্তে বিভিন্ন দেশের পাল্টা জবাব ছাড়াও অনেক মানুষের চাকরি হারানোর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। আবার অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করলে বাণিজ্যে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে চীন। এশিয়ার বাজারে এরই মধ্যে বাণিজ্য যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সমালোচকরা বলছেন,  ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্তে আদতে মার্কিনীদের চাকরির সুরক্ষা হবে না এবং শেষ পর্যন্ত ভোক্তাদেরকেই পণ্যের বাড়তি দামের বোঝা বহন করতে হবে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জাংকার বলেছেন, যুক্তরাষ্ট্রের এ শুল্কারোপের কারণে হাজার হাজার ইউরোপীয়র চাকরি ঝুঁকিতে পড়বে।

কিন্তু ট্রাম্প বলছেন, প্রতিটি দেশের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের যে প্রচুর পরিমাণ ডলারের ক্ষতি হচ্ছে তাতে বাণিজ্য যুদ্ধই ভাল। যুক্তরাষ্ট্র সহজেই এতে জিতবে এবং বড় ধরনের লাভ পাবে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ হচ্ছে কানাডা। ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশটি এবারই সবচেয়ে বড় হুমকির মুখে পড়ল। ট্রাম্পের সিদ্ধান্ত কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় দেশীয় শিল্পকে বাঁচানোর অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। সে প্রতিশ্রুতি পূরণ করতেই গতবছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ইস্পাত শিল্প বিষয়ক একটি বিধান পর্যালোচনার উদ্যোগ নেন তিনি। এ বিধানে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে আমদানির ওপর শুল্কারোপ বা কোটাভুক্ত করার অনুমোদন দেওয়া আছে।

বিশ্লেষকরা বলছেন, যে কোনো মার্কিন শুল্কারোপেই ইস্পাতের বাইরের শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যদি অন্যান্য দেশ পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের কোনো পণ্য রপ্তানির ওপর শুল্কারোপ করে।