২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্ত হয়ে পড়েছি, আগেই ক্ষমতা ছাড়তে চাই: দুতের্তে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, “আমি ক্লান্ত হয়ে পড়েছি। বয়স হয়েছে। তাই আগেভাগেই ক্ষমতা ছাড়তে চাই।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Mar 2018, 04:00 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

দীর্ঘদিন ক্ষমতায় থাকার অনিচ্ছা ব্যক্ত করে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেওয়ার এমন আগ্রহ রাজনীতিবিদদের মধ্যে খুব কমই দেখা যায়।

দুতের্তে ক্ষমতা আঁকড়ে থাকতে চান বলে ফিলিপিন্সে গুঞ্জন রয়েছে। দীর্ঘদিন ধরেই দুতের্তে ফিলিপিন্সে যুক্তরাষ্ট্রের আদলে একটি ফেডারেল শাসন ব্যবস্থা চালু করতে চেয়েছেন।

এ জন্য তিনি এক মাস আগে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক আইন বিশেষজ্ঞদের নিয়ে ১৯ সদস্যের একটি প্যানেল গঠন করেছেন।

সমালোচকদের মতে, সংবিধান পরিবর্তনের মাধ্যমে দুর্তেতে আসলে ২০২২ সালের পরও ক্ষমতায় থেকে যাওয়ার পথ সুগম করতে চাইছেন।

কিন্তু এমন জল্পনা উড়িয়ে দিয়ে ৭২ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন দেশ শাসনের শক্তি তার নেই।

তিনি বলেন, “আমি ২০২০ সালের মধ্যেই ক্ষমতা ছেড়ে দেব, আমি ২০২২ সালের জন্য অপেক্ষাই করব না।”

“আমার বয়স হয়ে গেছে। আমার আর কোনো উচ্চাশা নেই। আমি সত্যিই এবার বিশ্রাম চাই।”

১৯৮৭ সালে রক্তপাতহীন ‘পিপুলস পাওয়ার’ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক একনায়ক ফার্দিনান্দ মারকোসের পতনের পর ফিলিপিন্সের সংবিধান লেখা হয়।

অতীতেও কয়েকবার দেশটির সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সামাজিক ও ধর্মীয় দলের আপত্তির মুখে সেসব উদ্যোগ ভেস্তে যায়।

তাদের ‍আশঙ্কা ছিল, মারকোসের মত শক্তিশালী একনায়কের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়া আটকাতে যে সংবিধান গঠন করা হয়েছে তা সংশোধন হলে আবারও একই হুমকি দেখা দেবে।

বিশেষজ্ঞদের ধারণা, দুর্তেতে সংবিধান সংশোধন করতে সক্ষম হবেন। কারণ, তিনি জনগণের কাছে দারুণ জনপ্রিয় এবং কংগ্রেসে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ।