২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য অর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Mar 2018, 07:05 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে পুতিন জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন।

ভাষণে পুতিন বলেন, “প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

মানুষের জন্য কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি তাদের দীর্ঘজীবনও চান বলে জানান পুতিন। তিনি বলেন, রাশিয়ার মানুষের আয়ু যেন জাপান এবং ফ্রান্সের মানুষদের মতো দীর্ঘ হয়।

রাশিয়ার ২ কোটি মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে জানিয়ে পুতিন বলেন, “সরকারকে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি নিশ্চিত করতে হবে। আগামী ছয় বছরে (আমাদেরকে) দারিদ্র্যের হার অন্তত অর্ধেকে নামিয়ে আনতে হবে।”

তিনি বলেন, “২০০০ সালে রাশিয়ায় ৪ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করত। এখন সে হার ২ কোটি। কিন্তু এ হার এখনো কমা প্রয়োজন।”

“রাশিয়ার কল্যান এবং আমাদের নাগরিকদের কল্যাণই সবকিছুর ভিত্তিমূল হতে হবে। আর এ দিকটিতেই আমাদেরকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে হবে।”

রাশিয়ায় নির্বাচনের আর মাত্র ১৭ দিন বাকি । চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন পুতিন। তার আগে দেওয়া শেষ ভাষণে পুতিন তার  প্রধান প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দারিদ্র্য কমানোর এ প্রতিশ্রুতি দিলেন।

১৮ মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন পুতিন। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেনি। ফলে নির্বাচনে পুতিনই আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।