২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অনুমতি হারিয়েছেন কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা প্রতিবেদন ‘প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ’ পাওয়ার অনুমতি হারিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 11:58 AM

Updated : 08 Apr 2022, 05:59 PM

গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যে প্রবেশের ক্ষেত্রে হোয়াইট হাউস কঠোর শৃঙ্খলা আরোপের পর কুশনার অনুমতি হারান বলে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। 

বছরখানেক ধরে অস্থায়ী নিরাপত্তা ছাড়পত্র নিয়ে কাজ চালিয়ে যাওয়া কুশনার গত কয়েক সপ্তাহ থেকে প্রেসিডেন্টের ডেইলি ব্রিফ পাচ্ছেন না বলেও সূত্রগুলো রয়টার্সকে নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় আরেক মার্কিন কর্মকর্তা জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনসস্টেইন সম্প্রতি হোয়াইট হাউসের কাউন্সেল ডন ম্যাকগেনকে উপদেষ্টা কুশনারের ঝুলে থাকা নিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন।

কুশনার সম্বন্ধে কী ধরনের তথ্য হোয়াইট হাউসের কাছে এসেছে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স; তবে এ কারণে ট্রাম্পজামাতার পূর্ণাঙ্গ নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া ধারণার চেয়েও ধীরগতির কিংবা বন্ধ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

৩৭ বছর বয়সী কুশনার ফের শীর্ষ এ গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অনুমতি পাবেন কিনা, পেলেও কবে নাগাদ, তা জানা যায়নি।

বিস্তৃত ব্যবসায়িক সংযোগের কারণে হোয়াইট হাউসের দায়িত্বে বসার পর বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ নিরাপত্তা ছাড়পত্র পাননি ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে বিয়ে করা এ ধনী ব্যবসায়ী। কুশনার নিরাপত্তা ছাড়পত্রের আবেদনে (এস এফ এইটিসিক্স নামে পরিচিত) বেশ কয়েকদফা সংশোধনও করেছেন বলে খবর মার্কিন গণমাধ্যমগুলোর।

প্রেসিডেন্টের ডেইলি ব্রিফে প্রবেশের অনুমতি হারানো বিষয়ে কুশনারের হোয়াইট হাউস মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানে সাংবাদিকরা উচ্চস্বরে ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাইলেও প্রেসিডেন্ট তা এড়িয়ে যান।

পরে কুশনারের আইনজীবী আবে লোয়েল এক বিবৃতিতে জানান, নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়ায় যতটুকু করবেন বলে প্রত্যাশা করা হয়েছিল কুশনার তার চেয়েও বেশি করেছেন।

“আমার অনুসন্ধান নিশ্চিত করেছে, কুশনারের পর্যায়ের ডজনেরও বেশি ব্যক্তির নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়ায় দেরি হচ্ছে। নতুন একটি প্রশাসনের জন্য এ ধরনের বিষয়ে দীর্ঘ সময় লাগার ব্যাপার অস্বাভাবিক নয়; এখন এ ত্রুটিগুলোকে চিহ্নিত হয়েছে। কুশনারের আবেদনের ব্যাপারে কোনো উদ্বেগ উত্থাপিত হয়নি,” বলেন লোয়েল।

সাবেক দুই স্ত্রীর পারিবারিক নির্যাতনের অভিযোগ থাকা সত্বেও অস্থায়ী নিরাপত্তা ছাড়পত্র নিয়ে বছরখানেক ধরে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন রব পোর্টার, চলতি মাসে এ তথ্য প্রকাশ হওয়ার পর থেকে নিরাপত্তা ছাড়পত্র ইস্যু নিয়ে চাপে আছে হোয়াইট হাউস। অভিযোগ সত্বেও পোর্টার নিজেকে নিষ্পাপ দাবি করে আসছেন।

প্রেসিডেন্টের ডেইলি ব্রিফ মার্কিন প্রশাসনের খুবই অল্প সংখ্যক শীর্ষ কর্মকর্তাকে দেওয়া হয়। এই ব্রিফিংয়ে উচ্চ মাত্রার গোপনীয় গোয়েন্দা বিশ্লেষণ, বিশ্বজুড়ে চালানো সিআইএর গোপন অভিযান, যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর উৎসগুলোর অথবা মিত্র গোয়েন্দা সংস্থাগুলোর শেয়ার করা প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে।

নিরাপত্তা ছাড়পত্র নিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির নতুন ব্যবস্থাপনার কারণে কুশনারকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য পাওয়া শীর্ষ কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

“এরপরও প্রেসিডেন্ট তাকে যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা চালিয়ে যেতে কুশনারের সমস্যা হবে না,” দাবি করেছেন লোয়েল।

কুশনারের আইনজীবী এ দাবি করলেও প্রেসিডেন্টের ডেইলি ব্রিফ ছাড়া ট্রাম্পজামাতার পক্ষে চীন ও রাশিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে আগের মত ভূমিকা রাখা সম্ভব হবে না বলে প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি করতে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মসূচির সংখ্যা কমানো ও আধুনিকীকরণের দায়িত্বও কুশনারের।

কিন্তু সুনির্দিষ্ট কিছু দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পজামাতার যোগাযোগ হোয়াইট হাউসের উদ্বেগ বাড়িয়েছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, পোর্টারের নিরাপত্তা ছাড়পত্র নিয়ে চরম সমালোচিত কেলি গত ১৬ ফেব্রুয়ারি এক নির্দেশে গত বছরের ১ জুন কিংবা এর আগে থেকে অস্থায়ী ছাড়পত্র নিয়ে দায়িত্ব চালিয়ে যাওয়া সবার কাজ সপ্তাহখানেকের মধ্যে বন্ধ করার ঘোষণা দেন।

এরপরই কুশনারের সঙ্গে চিফ অব স্টাফের উত্তেজনা বাড়ে বলে এর সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের দাবি।

কুশনারের নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি সমাধান হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স ।

নিয়মিত ব্রিফিংয়ে সারাহ বলেন, “তিনি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। প্রশাসনে প্রথম থেকে তিনি যেসব কাজ শুরু করেছেন তা এখনো চালিয়ে যাচ্ছেন।”

হোয়াইট হাউসে অস্থায়ী নিরাপত্তা ছাড়পত্র নিয়ে কাজ করা কর্মকর্তাদের ব্যাপারে উদ্বেগ এসেছে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের কাছ থেকেও।

সরকারি কাজ এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও নথিতে অস্থায়ী ছাড়পত্র পাওয়া কর্মকর্তাদের প্রবেশাধিকার ঝুঁকি বাড়াচ্ছে বলেও মন্তব্য তাদের।