ফ্লোরিডা স্কুলে হামলা: ক্রুজকে নিয়ে ‘সতর্ক’ করা হয়েছিল আগেই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নির্বিচারে গুলি চালানো সাবেক ছাত্র নিকোলাস ক্রুজের ব্যাপারে শিক্ষকদেরকে আগেভাগেই সতর্ক করা হয়েছিল বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
বুধবার তার হামলায় নিহত হয়েছে ১৭ জন। আহত হয়েছে আরো কয়েক জন। ক্রুজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানোর ১৭ টি অভিযোগ আনা হয়েছে।
পিঠে ঝোলানো ব্যাগ নিয়ে ক্রুজের স্কুল ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ ছিল বলে জানিয়েছেন এক শিক্ষক।
১৯ বছর বয়সী ক্রুজ গুলি চালানোর পর আতঙ্কে পালাতে থাকা ছাত্রদের ভিড়ে মিশে গিয়ে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। কিন্তু পরে কয়েকমাইল দূর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্কুল সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রুজ বন্দুকের পাগল ছিল। সে ছিল অস্থির চিত্তের। স্কুলে থাকতে সে নিয়মিত ফায়ার অ্যালার্ম বাজিয়ে বিরক্তির উদ্রেক করত।
বিবিসি জানায়, স্কুলের অংকের শিক্ষক জিম গার্ড ‘মায়ামি হেরাল্ড’ পত্রিকাকে বলেছেন, স্কুল কর্তৃপক্ষ ক্রুজের আচরণ নিয়ে শিক্ষকদেরকে ইমেইল পাঠিয়ে সতর্ক করেছিল।
তিনি আরো বলেন, “গত বছর আমাদেরকে বলা হয়েছিল সে যেন ব্যাকপ্যাক নিয়ে স্কুল ক্যাম্পাসে না ঢোকে।” ছাত্রদেরকে হুমকি-ধামকি দেওয়ার কারণেই সম্ভবত তাকে স্কুল ছেড়ে যেতে বলা হয় বলে জানান জিম।
স্কুলের কর্মকর্তরা ক্রুজকে স্কুল থেকে বহিস্কারের কারণ না জানালেও ভিক্টোরিয়া ওলভেরা নামের এক শিক্ষার্থী বলেছেন, ক্রুজের সঙ্গে তার সাবেক প্রেমিকার নতুন প্রেমিকের লড়াই হওয়ার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
ক্রুজের সাবেক এক স্কুলমেট বলেছেন, ক্রুজের ব্যাগে বুলেট পাওয়া গিয়েছিল। সে যে এমন কান্ড ঘটাতে পারে সেটা আন্দাজই করা যেত।
স্কুলের অন্য শিক্ষার্থীরাও বলেছে, ক্রুজ যে এমন কাণ্ড ঘটাতে পারে প্রত্যেকেই সেটি আঁচ করতে পারত। কিন্তু পুলিশ বলছে, এ আশঙ্কার ব্যাপারে তাদেরকে আগে থেকে জানানো হয়নি। পুলিশ কোনো সতর্কবার্তা পায়নি।
বুধবার স্থানীয় সময় দুপুরে স্কুল ছুটি হওয়ার ঠিক আগেই ক্রুজ স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালায়। স্কুলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে ক্রুজ এ হামলা চালায়। উদ্দেশ্য ছিল, সতর্কসংকেতের ফলে আতঙ্কিত শিক্ষার্থীদের বাইরে বের করে আনা যাতে বেশি জন মারা পড়ে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ হামলার ঘটনাই বলে দিচ্ছে যে, কারো অস্বাভাবিক আচরণ নিয়ে মানুষজন উদ্বিগ্ন থাকলে সে ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষকে আগে থেকে বার বার জানাতে হবে।
