ট্রুডোর গাড়িবহরের মোটরসাইকেলের সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গাড়িবহরের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শুক্রবারের এ দুর্ঘটনায় ট্রুডোকে বহনকারী গাড়ির কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রুডো রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও মিউজিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের বিষয়ে ভাষণ দেওয়ার পর ফিরে যাওয়ার সময় ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় দুঘটনাটি ঘটে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এলাকাটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
লাইব্রেরিটি থেকে ছয় কিলোমিটার দূরে ট্রুডোর গাড়িবহরের সামনে দিয়ে একটি টয়োটা হাইল্যান্ডার বামদিকে মোড় নিলে মোটরসাইকেলটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের এক পুলিশ কর্মকর্তা ও ওই টয়োটা গাড়িটির চালক ও তার পুত্র আহত হন।
আহত পিতাপুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত সর্ম্পকে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
‘মাঝারি ধরনের আঘাত পাওয়া’ পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে ভেনচুরা কাউন্টি দমকল বিভাগ।
