২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসে ৮ ঘণ্টা ধরে বক্তৃতা দিয়ে নতুন রেকর্ড ন্যান্সি পেলোসির

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বক্তৃতার নতুন রেকর্ড সৃষ্টি করেছেন মার্কিন রাজনীতিক ন্যান্সি পেলোসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 02:37 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

তিনি আট ঘণ্টা ধরে  যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা নাগরিকদের গল্প বলেছেন বলে খবর বিবিসির।

ন্যান্সি দীর্ঘদিন ধরেই শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীদের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন, যারা ‘ড্রিমার’ নামেই বেশি পরিচিত। চলতি সপ্তাহের বাজেট সমঝোতায় ড্রিমারদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভূক্ত করতে চান তিনি।

বিবিসি জানায়, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু অংশের নেতা ন্যান্সি বুধবার সকাল ১০টা ৪ মিনিটে তার বক্তব্য শুরু করেন, যা সন্ধ্যার আগে শেষ হয়নি।

শিশু বয়সে আসা ড্রিমাররা বারাক ওবামার আমলে হওয়া ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ বিধানের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পেয়ে আসছিল। গত বছর ট্রাম্প ওই বিধান বাতিল করে দেন।

“প্রতিদিন সাহসী দেশপ্রেমিক ড্রিমাররা তাদের বসবাসের অনুমতি হারাচ্ছে, প্রতিদিন আমেরিকান স্বপ্ন নাগাল থেকে আরেকটু দূরে সরে যাচ্ছে। কংগ্রেসের সদস্য হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ড্রিমারদের সুরক্ষায় কাজ করা, যারা কাগজপত্র ছাড়াই আমাদের জাতি ও আমেরিকানদের সবক্ষেত্রে গর্বিত করে যাচ্ছে,” আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন ন্যান্সি।

এরপর তিনি বিতাড়নের মুখে পড়া কয়েক ডজন অভিবাসীর জীবনকাহিনী কংগ্রেস সদস্যদের শোনান।

কয়েক ঘণ্টা ধরে দেওয়া বক্তৃতার  সময় ন্যান্সির খুবই অল্প পরিমাণ পানি পান এবং চার ইঞ্চি লম্বা হিল জুতা পরে দাঁড়িয়ে থাকার বিষয়টিও অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর নজর কেড়েছে।

ডেমোক্রেট দলের সদস্য ও সমর্থকরা ন্যান্সির বক্তৃতার সময় টুইটে ‘গো ন্যান্সি গো হ্যাশট্যাগ’ লিখে তাকে অভিবাদন জানায় বলে খবর বিবিসির। রিপাবলিকানরাও একই হ্যাশট্যাগ ব্যবহার করে ডেমোক্রেট নেত্রীর সময়ক্ষেপণের সমালোচনা করেছেন।

প্রতিনিধি পরিষদের কোনো সদস্যের বক্তব্য সংক্ষেপ করার নানান কৌশল থাকলেও সংখ্যালঘু অংশের নেতা হিসেবে ন্যান্সি চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ বক্তৃতা দেওয়ার অধিকার রাখেন। ন্যান্সি যখন তার বক্তৃতা শেষ করে আসনে বসছিলেন তখন পরিষদে উপস্থিত ডেমোক্রেট সদস্যরা তখন উল্লাস ও করতালিতে মত্ত হন।

পরে প্রতিনিধি পরিষদের ইতিহাসবিদের দপ্তর ন্যান্সির বক্তৃতাকে মার্কিন নিম্নকক্ষের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা হিসেবে অভিহিত করে; এটি ১৯০৯ সালে চাম্প ক্লার্কের দেওয়া ৫ ঘণ্টা ১৫ মিনিটের বক্তৃতাকে ছাড়িয়ে গেছে।

আরেক দফা ‘সরকার অচল’ এড়াতে ভূমিকা রাখবে দুই বছরের জন্য এমন একটি বাজেট সমঝোতা নিয়ে রিপাবলিকান ও সিনেট নেতাদের আলোচনার মধ্যে ন্যান্সি এ বক্তৃতা দিলেন। অভিবাসনসহ বেশ কয়েকটি বিষয়ে মতদ্বৈততা নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে বাজেট সমঝোতার এ আলোচনা চলছে।

দুপক্ষের সর্বশেষ সমঝোতায় ড্রিমারদের সুরক্ষায় সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি, তাই ন্যান্সির মতো অসংখ্য ডেমোক্রেট ওই সমঝোতার বিরোধিতা করেছিলেন।