২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় ক্ষমতার লড়াইয়ের মধ্যে পেছালো জুমার ভাষণ

দক্ষিণ আফ্রিকায় ক্ষমতার লড়াইয়ের মধ্যে পার্লামেন্টে প্রেসিডেন্ট জ্যাকব জুমার ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ পিছিয়ে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 10:30 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

বৃহস্পতিবার জুমার এ ভাষণ দেওয়ার কথা ছিল বলে জানায় বিবিসি।

কিন্তু মঙ্গলবার পার্লামেন্ট স্পিকার বালেক এমবেতে প্রেসিডেন্টের ভাষণ পিছানোর ঘোষণা দেন। ভাষণের নতুন কোনো তারিখও জানাননি তিনি। দেশটিতে প্রেসিডেন্টের এ ভাষণ পিছিয়ে দেওয়া নজিরবিহীন ঘটনা।

জুমার পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হয়ে ওঠার মধ্যে তিনি আর এ ভাষণ দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

দুর্নীতির অভিযোগে সমালোচিত জুমার (৭৫) পদত্যাগের দাবিতে গত বছর জোহানেসবার্গ, প্রিটোরিয়া ও কেপ টাউনে গণবিক্ষোভ হয়েছে। পার্লামেন্টে তার বিরুদ্ধে কয়েকদফা অনাস্থা ভোটও হয়। যদিও প্রতিবারই তিনি অল্পের জন্য রক্ষা পেয়ে যান।

প্রেসিডেন্টের ভাষণ বাতিলের ঘোষণা আসার আগে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি)পক্ষ থেকে দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। বুধবারের ওই বৈঠকে জুমার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

গত বছর ডিসেম্বরেই দলের সভাপতির পদ থেকে জুমাকে সরিয়ে দেওয়া হয়।

তার স্থলাভিষিক্ত হন উপরাষ্ট্রপতি সিরিল রামাপোসা (৬৫)। বর্তমানে রামাপোসাই পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সামনের সারিতে আছেন। তার সঙ্গে জুমার ক্ষমতার লড়াই চলছে।

জুমার মেয়াদ শেষ হচ্ছে ২০১৯ সালে। কিন্তু রামাপোসার প্রেসিডেন্সির পথ সুগম করতে জুমার পদত্যাগ নিয়ে ক্ষমতার কেন্দ্রে থাকা দুইজনের প্রতিনিধি ও মিত্রদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকেও জুমাকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জুমার আমলে দক্ষিণ আফ্রিকায় ‘খুব পরিকল্পিতভাবে লুটপাট’ হয়েছে। তার উচিত ‘আর দেরি না করে পদত্যাগ করা’।