২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের শেষ দুই ঘাঁটিতে সিরীয় বাহিনীর বিমান হামলা

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শেষ দুই অঞ্চল ঘৌতা ও ইদলিবে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 01:30 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

সোমবার রাজধানী দামেস্কের কাছে ঘৌতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সিরীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধার কর্মী ও পর্যবেক্ষক সংস্থাগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সিরীয় বাহিনী ‘রাসায়নিক গ্যাস’ হামলা চালিয়েছে বলেও ধারণা করছে পশ্চিমা পর্যবেক্ষকগোষ্ঠী। শনিবার বিদ্রোহীদের গুলিতে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এলাকাটিতে সরকারি ও মিত্রবাহিনীর আক্রমণ জোরদার হয়েছে।

আট বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়া সব এলাকা ফের দখলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আসাদ সরকার। এরপরই বিদ্রোহীদের শেষ দুই ঘাঁটিতে এসব আক্রমণের চালানো হল। 

রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনীর সহযোগিতায় এরইমধ্যে দেশের বেশিরভাগ ভূখণ্ডেই নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে আসাদ সরকার।

রয়টার্স বলছে, বছরখানেক ধরেই দামেস্কর কাছে থাকা পূর্ব ঘৌতা অবরোধ করে আছে সিরীয় বাহিনী; সাম্প্রতিক মাসগুলোতে অবরোধ আরো জোরদার করা হয়েছে।

আসাদ ও সামরিক মিত্ররা দুর্গম ইদলিবের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইদলিবই শেষ প্রদেশ, যার বেশিরভাগ অংশ এখনো বিদ্রোহীদের দখলে আছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার সিরীয় বাহিনী পূর্ব ঘৌতার জামালকা, আরবায়িন, হাজ্জা ও বেইতু সোউয়া শহরে বিমান হামলা চালালে অন্তত ২৯জন নিহত হন।

একইদিন রাজধানী লক্ষ্য করে বিদ্রোহীদের ছোড়া গোলায় এক নারী নিহত হন বলে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সরকারি বাহিনীর অবরোধের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটির অধিবাসীরা খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে জানার পর পূর্ব ঘৌতার পরিস্থিতি নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগের কথা বলে আসছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে উত্তর-পশ্চিমের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র ইদলিবে রোববার রাত থেকে আক্রমণের মাত্রা বাড়িয়েছে সিরীয় বাহিনী ও মিত্ররা। শনিবার বিদ্রোহীরা একটি রুশ বিমান ভূপাতিত ও তার চালককে হত্যার পর সেখানে আসাদবাহিনীর হামলা তীব্রতর হয়।

হামলায় আকাশ থেকে ফেলা রাসায়নিকে অন্তত নয় ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সিরীয় বাহিনী তিনটি হাসপাতালেও বিমান হামলা চালিয়েছে বলে দাবি  ওই উদ্ধারকর্মীদের।

সিরিয়ার বিভিন্ন হাসপাতালকে সহযোগিতা করা সংগঠন সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি ইদলিবে তাদের চিকিৎসকদের বরাত দিয়ে জানায়, আসাদবাহিনীর হামলার পর অন্তত ১১ রোগীর শরীরে ‘ক্লোরিন গ্যাসজনিত উপসর্গের প্রমাণ পাওয়া গেছে’।

রোববার রাতে সরকারি বাহিনীর হেলিকপ্টার দুই ব্যারেল রাসায়নিক অস্ত্র ফেলে বলে দাবি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কার্যক্রম চালানো হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্সের।

সংস্থাটির পাশাপাশি আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিয়ন অব মেডিকেল কেয়ার অ্যান্ড রিলিফ অর্গানাইজেশন (ইউওএসএসএম) দাবি করেছে, বিমান হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সিরিয়ার সরকার যুদ্ধে ক্লোরিন ও অন্যান্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান ও উদ্ধারকর্মীরা এক মাসের মধ্যেই অন্তত তিনবার পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও আসাদবাহিনী ওই গ্যাস ব্যবহার করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রাসায়নিক হামলা চালিয়েছে বলে দাবি তাদের।

ইদলিবে সিরীয় বাহিনীর ‘ক্লোরিন গ্যাস’ ব্যবহারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

সোমবার সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের বাদানুবাদে জড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

আসাদকে বাঁচাতে মস্কো চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের; রাশিয়া বলছে, ওয়াশিংটন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

জার্মানি পূর্ব ঘৌতা ও ইদলিবে সিরীয় বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।